Virat Kohli snd Kuldeep Yadav : মহাকালশ্বরের কাছে প্রার্থনায় বিরাট কোহলি এবং কুলদীপ যাদব

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পর মহাকালেশ্বরে বিরাট কোহলি (Virat Kohli) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। আগামীকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের অন্তিম ও নির্ণায়ক ম্যাচ। তার ঠিক আগেই শনিবার ভোরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর (MahaKaleswar) মন্দিরে আশীর্বাদ নিতে হাজির হন বিরাট কোহলি ও কুলদীপ যাদব।

আরও পড়ুন:http://New Zealand vs India: তিলক বর্মার জায়গায় ভারতীয় দলে এলেন শ্রেয়স আইয়ার

পূজারীদের সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেন বিরাট। তারা কপালে হলুদ প্রলেপ। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির। যা শিপ্রা নদীর তীরে অবস্থিত। এর প্রধান আকর্ষণ হল ভোরের ভস্মারতি। যেখানে পবিত্র ছাই দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয়। জানা গিয়েছে, সেই ভস্মারতির সময় উপস্থিত ছিলেন কোহলি। তাঁকে বলতে শোনা যায়, ‘জয় শ্রী মহাকাল’। সঙ্গে ছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব। মন্দিরের ভজনেও অংশ নেন দুই তারকা। পরে মন্দিরের গর্ভগৃহের সামনে মাথানত করে প্রণাম করেন।

পুজো দেওয়ার পর কুলদীপ জানিয়েছেন, “অভিজ্ঞতাটা দারুণ ছিল। ৯ বছর আগে আমি প্রথমবার এখানে দর্শন করতে এসেছিলাম। এখানে এলে এক অদ্ভুত আনন্দ ও শান্তি পাওয়া যায়। ঈশ্বরের আশীর্বাদে সব ভালো চলছে এবং ওনার কৃপা থাকলে আমরা আসন্ন বিশ্বকাপে আরও ভালো পারফর্ম করব।” রাজকোটে দ্বিতীয় ওয়ানডে-তে হারের পর সিরিজ জেতার লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিক শান্তি ও জয়ের প্রার্থনায় মন্দিরে যান তাঁরা।

বিরাট কোহলি ইদানীং ব্যক্তিগত জীবনের পাশাপাশি আধ্যাত্মিক পথেও বেশ মনোযোগী হয়েছেন। লন্ডনেই পুত্র-কন্যাকে নিয়ে তাঁর সুখী সংসার। কিন্তু দেশে ফিরলে তাঁর অন্যতম গন্তব্য বৃন্দাবনে, প্রেমানন্দ মহারাজের আশ্রমে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর বিজয় হাজারে ট্রফি খেলতে ভারতে ফিরেছিলেন। সেই সময় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান কোহলি। তার আগে গিয়েছিলেন ভাইজ্যাগের সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের এক নম্বর স্থান দখল করা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার মাইলফলক ছোঁয়ার পর বিরাটের এই মন্দির সফর ভক্তদের মধ্যে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উল্লেখ্য যে, কোহলি ও কুলদীপের দর্শনের একদিন আগেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর ও ব্যাটার কেএল রাহুলও এই মন্দিরে এসে পুজো দিয়ে গিয়েছিলেন।