নিউজ পোল ব্যুরো: আজ কপিল দেবের জন্মদিন (Kapil Dev)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত কিংবদন্তি এই অলরাউন্ডার শুধু রেকর্ডের পাহাড় গড়েননি, তৈরি করেছিলেন সাহস ও সততার এক অনন্য দৃষ্টান্ত। ৬ জানুয়ারি ১৯৫৯ সালে চণ্ডীগড়ে জন্ম নেওয়া কপিল দেব (Kapil Dev) আজ ৬৭ বছরে পা রাখলেন, আর এই দিন তিনি ভেসে গিয়েছেন ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা বার্তায়। বিসিসিআই (BCCI) তাঁদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাদপ্রতিম এই ক্রিকেটারকে। এই বিশেষ দিনে ফিরে তাকানো যাক তাঁর জীবনের এমন কিছু মুহূর্তে, যা তাঁকে আলাদা করে চেনায়।
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ যুগে প্রিটোরিয়ার হতাশা বাড়ছে, সানরাইজার্সের কাছে হার ১০ উইকেটে
কপিল দেব (Kapil Dev) মানেই নির্ভীকতা। মাঠে যেমন তিনি প্রতিপক্ষকে ভয় পেতেন না, তেমনই মাঠের বাইরেও কোনও আপস করেননি। ১৯৮৭ সালের শারজায় অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন ড্রেসিংরুমে (Indian Dressing Room) ঘটে যাওয়া একটি ঘটনা আজও তাঁর ব্যক্তিত্বের প্রতীক। যে ঘটনা নিয়ে এতদিন পর ফের চর্চা শুরু হয়েছে। ১৯৮৭ সালের সেই দিন অনুশীলনের পর ভারতীয় ড্রেসিংরুমে উপস্থিত হয়েছিলেন কৌতুকাভিনেতা মেহমুদ, তাঁর সঙ্গে ছিলেন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Daud Ibrahim)। দাউদ প্রস্তাব দেন, ভারত পাকিস্তানকে হারালে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে গাড়ি উপহার দেবেন। ড্রেসিংরুমে তখন নীরবতা। ঠিক সেই সময় সাংবাদিক সম্মেলন শেষ করে ঢোকেন কপিল দেব। পরিস্থিতি বুঝে তিনি এক মুহূর্ত দেরি না করে মেহমুদকে বেরিয়ে যেতে বলেন এবং দাউদের দিকে তাকিয়ে স্পষ্ট নির্দেশ দেন ‘কে তুমি? বেরিয়ে যাও।’
কপিল দেব পরিস্থিতি বুঝতে পেরে প্রথমে মেহমুদকে বলেন, ‘মেহমুদ সাহেব, দয়া করে বেরিয়ে যান।’ কপিলের এই মনোভাব দেখে দাউদ কোনও যুক্তি ছাড়াই ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান। এই ঘটনাটি বছরের পর বছর ধরে চাপা পড়ে ছিল, যা ২০১৩ সালে প্রথমবারের মতো দিলীপ ভেঙ্গসরকার প্রকাশ করেছিলেন। অনেক বিতর্ক সত্ত্বেও, কপিলের ভাবমূর্তি একজন সৎ এবং নির্ভীক ক্রিকেটারের মতোই রয়ে গিয়েছে।
মাঠের পারফরম্যান্সেও কপিল ছিলেন ব্যতিক্রমী। ১৯৭৮ থেকে ১৯৯৪ দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি খেলেছেন ১৩১টি টেস্ট, করেছেন ৫২৪৮ রান এবং নিয়েছেন ৪৩৪ উইকেট। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ৩৭৮৩ রান ও ২৫৩ উইকেট। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঐতিহাসিক ১৭৫ রানের ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। সেই বিশ্বকাপ জিতেই মাত্র ২৪ বছর ১৭০ দিন বয়সে তিনি হয়ে ওঠেন সর্বকনিষ্ঠ বিশ্বকাপজয়ী অধিনায়ক যে রেকর্ড আজও অক্ষত। কপিল দেব অবসর নিয়েছিলেন ১৯৯৪ সালে, কিন্তু তাঁর প্রভাব, সাহস আর উত্তরাধিকার আজও ভারতীয় ক্রিকেটকে পথ দেখায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
