নিউজ পোল ব্যুরো: গত কয়েক দিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। ইরানকে (Iran) ঘিরে যুদ্ধের আশঙ্কা এতটাই বেড়েছিল যে, সম্ভাব্য বিমানহানার ভয়ে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় তেহরান। পাশাপাশি, মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও গভীর হয়। এই আবহে হঠাৎই এক ভিন্ন সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কণ্ঠে। যুদ্ধংদেহী বার্তার বদলে এবার তিনি প্রকাশ্যে ইরানকে ধন্যবাদ জানালেন।
সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে আটশোরও বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল ইরান প্রশাসন। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান। এই পদক্ষেপকেই স্বাগত জানিয়েছেন ট্রাম্প (Donald Trump)। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি কার্যকর করা থেকে সরে এসেছে। গতকালই এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি সম্মান করি এবং ইরানকে ধন্যবাদ জানাই।” পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এও একই মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের (Donald Trump) মুখে ইরানের প্রশংসা অত্যন্ত বিরল ঘটনা। তাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, হয়তো এই মুহূর্তে চূড়ান্ত সামরিক পদক্ষেপ থেকে কিছুটা পিছিয়ে আসছে আমেরিকা। উল্লেখ্য, আয়াতোল্লা খামেনেইয়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনের পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে প্রবল সমালোচনা শুরু হয়েছিল। সেই সময় ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের হুমকিও দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমেরিকাকে পদক্ষেপ করতেই হবে।
তবে মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্ত পরিস্থিতিকে খানিকটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে খবর মিলেছে, সৌদি আরব, মিশর, কাতার ও ওমানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দেশগুলি আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানে হামলা হলে তার প্রভাব গোটা অঞ্চলে পড়বে এবং মিত্র দেশগুলিকেও ক্ষতির মুখে পড়তে হতে পারে।
অন্যদিকে, ইরানকেও সতর্ক করে বলা হয়েছে, মার্কিন ঘাঁটিতে হামলা চালালে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই টানাপোড়েনের মাঝেই ট্রাম্পের নরম সুরে ইরান প্রসঙ্গে মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার আলো দেখাচ্ছে। অনেকের মতে, হয়তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের কালো মেঘ ধীরে ধীরে কাটতে শুরু করেছে, আর আকাশে ফিরছে শান্তির নীল রং।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
