নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) তল্লাশিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শাসকদল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারকে লক্ষ্য করে হওয়া এই অভিযানের পরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ইডির এই পদক্ষেপে যে তৃণমূল (TMC) বা আইপ্যাক একেবারেই দমে যায়নি, তা স্পষ্ট করে দেওয়া হল মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও জোরালো করতে নতুন থিম সং প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ এই স্লোগানকে সামনে রেখেই তৈরি হয়েছে নতুন এই থিম গান। গানের মূল চরিত্রে উঠে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যাঁকে এবার ‘অগ্নিকন্যা’ থেকে ‘বাঘিনী’ রূপে তুলে ধরা হয়েছে। গানের প্রতিটি পংক্তিতে রয়েছে লড়াইয়ের বার্তা, প্রতিরোধের ভাষা এবং বিজেপির বিরুদ্ধে বাংলার আত্মপরিচয় ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের থিম গান ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’, যেখানে মমতাকে (Mamata Banerjee) তুলে ধরা হয়েছিল ঘরের মেয়ের প্রতীক হিসেবে। এবারে সেই ভাবনায় নতুন মাত্রা যোগ হয়েছে। শুধু ঘরের মেয়ে নন, এবার তিনি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষাকর্ত্রী, এক দৃঢ়চেতা বাঘিনী। প্রায় তিন মিনিটের এই গানের ভিডিওতে জায়গা পেয়েছে দলের বিভিন্ন সভা, মিছিল, কর্মসূচি ও আন্দোলনের দৃশ্য। পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
আইপ্যাকের তরফে জানানো হয়েছে, এই গান নিছক প্রচারের জন্য নয়, বরং এটি একটি রাজনৈতিক ঘোষণা। বাঙালির লড়াকু মনোভাব, অন্যায়ের বিরুদ্ধে মাথা না নোয়ানোর মানসিকতা এবং আত্মসম্মানের প্রশ্নকে সামনে এনেছে এই সৃষ্টিতে। বিজেপিকে ‘বহিরাগত শক্তি’ বলে আক্রমণ করে তৃণমূল বরাবরই অভিযোগ করে আসছে, পরিকল্পিতভাবে বাংলার ভাষা, সংস্কৃতি ও সহাবস্থানের উপর আঘাত করা হচ্ছে।
এই গানের মধ্য দিয়েই শাসকদল তুলে ধরতে চেয়েছে, ধর্মীয় মেরুকরণ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে বাংলা কতটা সচেতন। পাশাপাশি কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা, বাঙালি মনীষীদের অপমান, ভোটার তালিকা নিয়ে বিতর্ক, এসআইআর ইস্যু সবকিছুরই প্রতিফলন ঘটেছে গানের কথায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই থিম সং ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার আনুষ্ঠানিক প্রকাশের মধ্য দিয়ে তৃণমূল ও আইপ্যাক স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির চাপেও লড়াই থেকে পিছু হটবে না বাংলা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
