TMC: ‘দিদি ক্ষমা করবেন, বিজেপি নেতারা এলে পালটা মার হবে’, ভিনরাজ্যের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে, এমনকি জোর করে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে এবার অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসলেন হাওড়ার (Howrah) বাগনানের তৃণমূল (TMC) বিধায়ক অরুনাভ সেন (Arunava Sen)। বিজেপির নেতারা যদি সেই সব রাজ্য থেকে বাংলায় এসে ভোটপ্রচারে নামেন, তবে তাঁদের পালটা মার দেওয়ার নিদান দিলেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘বাংলার নিজের মেয়ে’ এবার ‘বাঘিনী’! ইডি হানার জবাব দিতে আইপ্যাকের নতুন থিম সং ‘আবার জিতবে বাংলা’

শনিবার আমতা বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর বরাবাড় পোল সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভা থেকে অরুনাভ সেন বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তা আর মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, ওড়িশা ও বিহারের মতো রাজ্যে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে মারধর করা হচ্ছে, এমনকি খুনের ঘটনাও ঘটছে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি এই কড়া অবস্থান নিচ্ছেন বলে দাবি বিধায়কের।

বাগনানের তৃণমূল (TMC) বিধায়কের বক্তব্যে আরও আগুন ঢালে তাঁর “মার কা বদলা মার” মন্তব্য। সভামঞ্চ থেকে তিনি বলেন, বিজেপির নেতারা বাংলায় এসে রাজনৈতিক প্রচার চালাবেন, আর অন্যদিকে তাঁদের রাজ্যে গিয়ে বাংলার শ্রমিকরা নির্যাতনের শিকার হবেন এটা আর চলতে পারে না। তাঁর কথায়, “বাংলা আর চুপ করে মার খাবে না। আমাদের লোকদের উপর আঘাত এলে তার জবাব এখানেই দেওয়া হবে।”

এমনকি নিজের বক্তব্যের দায় আগাম স্বীকার করে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও ক্ষমা চেয়ে নেন অরুনাভ সেন। তিনি বলেন, অতীতে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সংযত থাকা হয়েছিল, কিন্তু আগামী দিনে আর সেই সংযম নাও থাকতে পারে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দলের (TMC) এক বিধায়কের মুখে এমন আক্রমণাত্মক ভাষা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। এসআইআর প্রক্রিয়া ও আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন অরুনাভ সেনের মন্তব্য নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢালল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole