Fire Incident : সল্টলেকে আনন্দলোক হাসপাতালে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের মধ্যে

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: সাতসকালে ভয়াবহ আগুন! মঙ্গলবার সকালে সল্টলেকের (SaltLake Kolkata)করুণাময়ী সংলগ্ন একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র আনন্দলোক হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় (Fire Incident)। সকাল প্রায় ১০টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হাসপাতালের ভেতরে তখন চিকিৎসাধীন বহু রোগী এবং তাদের পরিজন উপস্থিত ছিলেন। আচমকা আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয় (Fire Incident)। পরিস্থিতি বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়, তবে কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: Weather Update : দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর, শেষ সপ্তাহে কি দেখা মিলবে বৃষ্টির?

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। পাশাপাশি হাসপাতালের ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হয়। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, কোনও রোগী বা কর্মী ভেতরে আটকে নেই। প্রাথমিকভাবে দমকলের অনুমান, হাসপাতালের অপারেশন থিয়েটারে থাকা একটি এয়ার কন্ডিশনিং ইউনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে (Fire Incident)। যদিও সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। আগুনের জেরে অপারেশন থিয়েটারের একটি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর বহু রোগীকে সাময়িকভাবে হাসপাতালের বাইরে রাস্তায় বসে থাকতে দেখা যায়। তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। হাসপাতালের এক কর্মী জানান, অন্তত ২০ জন রোগীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এবং সকলেই আপাতত সুস্থ রয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।