Richa Ghosh: বিশ্বকাপজয়ী রিচার নাম ‘বিচারাধীন’ কেন? সাফাই দিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের তলব কমিশনের

ক্রীড়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ–এর নাম চূড়ান্ত ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়ায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। অবশেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দপ্তর আনুষ্ঠানিকভাবে জানায়, এটি কোনও নাগরিকত্ব–সংক্রান্ত প্রশ্ন নয়; বরং যান্ত্রিক ত্রুটি এবং প্রশাসনিক স্তরে মামলার নিষ্পত্তিতে বিলম্বের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: Election 2026:SIR শুনানির পর ৫ লক্ষ নাম বাদ, ভোটার তালিকায় ‘Deleted’দেখলে করণীয় কী?

প্রায় চার মাসের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া (এসআইআর) শেষে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয় রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় কয়েকজনের নামের পাশে ‘অমীমাংসিত’ বা ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় স্বাভাবিকভাবেই বিস্ময় ছড়ায়। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষের নামও ওই তালিকায় একইভাবে চিহ্নিত হওয়ায় প্রশ্ন ওঠে—যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তার ভোটার পরিচয় নিয়েই বা সংশয় কেন? সিইও দফতরের ব্যাখ্যা অনুযায়ী, ২০০২ সালের পুরনো ভোটার তালিকা থেকে তথ্য স্থানান্তরের সময় রিচার নাম ‘অ্যানম্যাপড’ বা অসংলগ্ন অবস্থায় ছিল। এই ত্রুটি সংশোধনের লক্ষ্যে পরিবারের পক্ষ থেকে নির্ধারিত শুনানিতে অংশ নেওয়া হয় এবং প্রয়োজনীয় নথিপত্রও জমা দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়ায় বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে বিচারাধীন তালিকায় চলে যায়। রিচার ক্ষেত্রেও একই প্রক্রিয়া কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

 

এছাড়াও জানা গিয়েছে, কেন সময়মতো বিষয়টির নিষ্পত্তি হয়নি, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের (ইআরও ও এইআরও) কাছে জবাবদিহি চাওয়া হবে। কমিশন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলেও সিইও দপ্তর জানিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, রিচা ঘোষ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির উক্ত ওয়ার্ডের বাসিন্দা। খেলার প্রয়োজনে দেশ-বিদেশে সফর করলেও অন্য সময় তিনি সেখানেই থাকেন। ফলে তার ভোটার পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া অনেকের কাছেই বিস্ময়কর। একইভাবে, তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামের পাশেও ‘আন্ডার অ্যাজুডিকেশন’ উল্লেখ রয়েছে বলে জানা গেছে। তবে প্রশাসনের আশ্বাসে মনে করা হচ্ছে, দ্রুতই এই জটিলতার সমাধান হবে।