নিউজপোল ব্যুরো: সন্দেশখালিতে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। নিজের মাকে মারধরের চেষ্টার অভিযোগ তুলে এবার সরব হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। একইসঙ্গে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে কড়া বার্তা দিয়েছেন তিনি।
রেখা পাত্রের অভিযোগ, সন্দেশখালির বউ ঠাকুরানি এলাকায় তাঁদের বাপের বাড়ি। সেখানে তাঁর মা একা থাকেন। সম্প্রতি রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন তাঁর বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাঁকে মারধরের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় শরিক নস্কর পরিবারের সদস্যদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক।
আরও দেখুন:-বাড়ির চাকর বাকরকে প্রার্থী করে দিলেই তো হয়, বিস্ফোরক দিলীপ ঘোষ
রেখার দাবি, তাঁর মা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোটা পরিবারই দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, পরিবারের কোনও সদস্যের উপর আঘাত এলে পুলিশ-প্রশাসনকে ছেড়ে কথা বলা হবে না।
এখানেই শেষ নয়। তাঁকে সাসপেন্ড করা হলে নিজেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রেখা। প্রশ্ন তুলেছেন, ‘‘আমার মাকে মারার চেষ্টা হচ্ছে, সরকার কি পদত্যাগ করবে?’’ রেখা পাত্রের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
