নিউজপোল ব্যুরো: পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে চালু হল নতুন ডরমিটরি (Dormitory) ও ওয়েটিং লাউঞ্জ (Waiting Lounge)। সোমবার সকালে বাস স্ট্যান্ডের দোতলায় এই পরিষেবাগুলির উদ্বোধন করা হয়।
দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে পৃথক পুরুষ ও মহিলা ডরমিটরি। ১৪টি বেডের জেন্টস ডরমিটরি এবং ৬টি বেডের লেডিস ডরমিটরি মিলিয়ে সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমিটরি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। বাস টার্মিনাসে পৌঁছেই এই পরিষেবা বুক করার সুযোগ থাকবে।
আরও দেখুন:-রাতে বাস রাখলেই ৭০০ টাকা, নতুন নিয়ম ঘোষণা অর্জুন সিংয়ের
পাশাপাশি ২৯টি থ্রি-সিটার সোফা নিয়ে নতুন ওয়েটিং লাউঞ্জও চালু করা হয়েছে। সেখানে রয়েছে টেলিভিশন এবং মোবাইল চার্জিংয়ের (Charging Point) ব্যবস্থা। এছাড়াও চালু হয়েছে ভিআইপি লাউঞ্জ (VIP Lounge), যেখানে প্রতি ঘণ্টায় ২০ টাকা দিয়ে বসার সুযোগ পাবেন যাত্রীরা। খুব শীঘ্রই কয়েকটি লাউঞ্জে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই যাত্রীদের তরফে টার্মিনাসে বিভিন্ন পরিষেবার দাবি ছিল। পুজোর আগে সেই দাবিগুলির কয়েকটি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
