নিউজপোল ব্যুরো:উৎসব মানেই আনন্দ, সাজসজ্জা আর পুজোর আয়োজন। তবে বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় এবারের গণেশ পুজোয় আনন্দের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে এক সুন্দর মানবিক বার্তাও। গণেশ চতুর্থী উপলক্ষে বসিরহাটের টাউন হল, পুরাতন বাজার থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন এলাকায় জাঁকজমক করে পুজোর আয়োজন হয়েছে।
এরই মধ্যে একটি পুজোর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে। গণেশের সঙ্গে তাঁর বাহন ইঁদুরকেও সমান গুরুত্ব দিয়ে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, প্রকৃতিতে কোনও প্রাণীই অপ্রয়োজনীয় নয়। প্রত্যেক প্রাণীরই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও দেখুন:-৩০০ টাকায় ১২ ঘণ্টা থাকার সুবিধা, যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা
পুজো উদ্যোক্তা অমিত চক্রবর্তী জানান, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি মানুষের মধ্যে প্রকৃতিকে ভালোবাসার ভাবনাও তৈরি করতে চান তাঁরা। গণেশ পুজোর মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সীমান্তের গ্রাম থেকে সুন্দরবনের প্রান্তিক এলাকা—সব জায়গাতেই উৎসবের আবহ। কিন্তু এই আয়োজনের মধ্যে পরিবেশ রক্ষার যে বার্তা উঠে এসেছে, তা উৎসবকে দিয়েছে আরও এক মানবিক মাত্রা।
