নিউজ পোল ব্যুরো: বাংলার মনীষীদের নিয়ে ফের বিতর্কের আগুন জ্বালল বিজেপি (BJP)। এবার নিশানায় পড়লেন ‘ভারতীয় নবজাগরণের অগ্রদূত’ রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy)। মধ্যপ্রদেশের (Madhyapradesh) উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বিরসা মুন্ডা জয়ন্তীর মঞ্চ থেকে দাবি করেন, রাজা রামমোহন (Raja Ram Mohan Roy) নাকি ব্রিটিশদের হাতের পুতুল, এক ‘ভুয়ো সমাজ সংস্কারক’, যাকে উপনিবেশিক শক্তি নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য তৈরি করেছিল। তার আরও অভিযোগ, রামমোহন (Raja Ram Mohan Roy) দেশের ভিতরে ধর্মান্তরণের কার্যক্রমকে ত্বরান্বিত করতে নাকি ব্রিটিশদের সহযোগিতা করেছিলেন।
আরও পড়ুন: Bengal SIR process:এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে জরুরি বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক!
পারমারের এই মন্তব্য মুহূর্তেই দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষ করে বাংলায় রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে ওঠে। কারণ বাংলার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক পরিবর্তনের কথায় রামমোহন রায় এমন এক নাম যাকে অবমাননা করা মানে বাঙালি সত্তার মূল শিকড়ে আঘাত হানা। ফলে প্রতিক্রিয়া এসেইছে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে।
টিএমসির মুখপাত্র অরূপ চক্রবর্তী ক্ষোভ উগরে দিয়ে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। তার কথায়, “আমার রাম রামমোহন, আমার ঈশ্বর বিদ্যাসাগর, আমার ঠাকুর রবীন্দ্রনাথ। আর সেই সব মহাপুরুষদের অপমান করার সাহস বিজেপির আছে!” অরূপের অভিযোগ, যারা সত্যিকারের ব্রিটিশের দালালি করেছে তারাই এখন বাংলার সমাজ সংস্কারকদের নিয়ে অপমানজনক মন্তব্য করছে। তার বক্তব্য, “ওরা বাংলার ইতিহাস জানে না, বাংলার মাটি চিনে না। তাই মনীষীদের গায়ে হাত তুলতে দ্বিধা করে না। বাংলার মানুষের আত্মসম্মানকে যারা আঘাত করবে, বাংলা তাদের ভুলবে না।”
বিরোধ বাড়তে থাকায় পারমারের মন্তব্য থেকে দ্রুত দূরত্ব তৈরি করতে বাধ্য হয়েছে মধ্যপ্রদেশ বিজেপি নেতৃত্ব। দলের মুখপাত্র শিবম শুক্লা জানিয়েছেন, এটি মন্ত্রীর ‘ব্যক্তিগত মত’, দলের অবস্থান নয়। বিজেপি নাকি দেশের জন্য অবদান রাখা প্রতিটি মহৎ ব্যক্তিত্বকে সম্মান জানায়। কিন্তু রাজনৈতিক মহলের মতে, এই ব্যাখ্যায় বিতর্ক থামার নয়। কারণ ভোটের আগে বাংলার সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত লাগলে তার রাজনৈতিক অভিঘাত যে প্রবল হতে পারে, তা শাসক-বিরোধী দুই পক্ষই জানে।
উল্লেখ্য, সতীদাহ-প্রথা রদ থেকে ভারতীয় শিক্ষা ও আধুনিকতার বিস্তার ১৯ শতকের সমাজ পরিবর্তনের ইতিহাসে রাজা রামমোহন রায় এক অনস্বীকার্য শক্তি। তাই তাঁকে ‘ব্রিটিশের এজেন্ট’ ট্যাগ দেওয়া নিয়ে স্বাভাবিক ভাবেই ক্ষোভ উছলে পড়েছে বাংলায়। বিতর্কের আগুনে ইতিমধ্যেই চড়ছে বঙ্গ রাজনীতি। রামমোহনকে ঘিরে এই নতুন রাজনৈতিক তরঙ্গ যে আগামী দিনে আরও বড় ইস্যু হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
