নিউজ পোল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝেই তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। আর এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পানিহাটি বিধানসভা কেন্দ্র। কারণ, সেখান থেকে প্রার্থী করা হয়েছে আরজি করের নির্যাতিতার মাকে। কয়েকদিন ধরেই তাঁর বিজেপিতে যোগদান এবং সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিল গেরুয়া শিবির, আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে।
বুধবার প্রকাশিত এই তালিকায় (West Bengal Election 2026) একাধিক নতুন মুখ ও চমক রয়েছে। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তীকে। নিরাপত্তা ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং জনসংযোগের ক্ষমতাকে কাজে লাগাতেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Abhishek Banerjee : নন্দীগ্রাম ভোটের ময়দানে উত্তেজনা, অভিষেক সরাসরি শুভেন্দুকে খোঁচা
এছাড়াও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বিজেপি নতুন মুখের উপর ভরসা রেখেছে। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসু, রায়গঞ্জ (এসসি)-তে দীনেশ সরকার, ইসলামপুরে চিত্রজিত রায়, হেমতাবাদে হরিপদ বর্মন, ইংরেজবাজারে অম্লান ভাদুড়ি, শান্তিপুরে স্বপন দাস এই নামগুলি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। পাশাপাশি হাওড়া মধ্যে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে ডঃ অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ এবং হরিপালে মতী মধুমিতা ঘোষকেও প্রার্থী করা হয়েছে। এছাড়া তমলুকে ডঃ হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে ডঃ শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তফাদার, কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহকে টিকিট দিয়েছে বিজেপি।
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক লড়াই তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি দুই শিবিরই নিজেদের মতো করে কৌশল সাজাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিজেপির এই তালিকা স্পষ্ট বার্তা দিচ্ছে ইস্যুভিত্তিক রাজনীতি ও নতুন মুখকে সামনে রেখে ভোটের ময়দানে নামতে চায় তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে নতুনদের সুযোগ দিয়ে সংগঠনকে আরও মজবুত করার ইঙ্গিত মিলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
