Narendra Modi: মোদীর সভায় নিশ্ছিদ্র ‘চক্রব্যুহ’! ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা, ব্রিগেড চত্বরে আকাশছোঁয়া নজরদারি

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়াতে কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় কর্মসূচিতে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার তিনি সেখানে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি ভোটের আগে দলের কর্মী-সমর্থকদেরও বার্তা দেবেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই মোদী (Narendra Modi) এই সফর ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকেও চলছে জোর প্রস্তুতি।

আরও পড়ুন: Android Tv: অফারের ফাঁদে ফাঁসবেন না! টিভি কেনার আগে জানুন এই সহজ টিপসগুলি

প্রধানমন্ত্রীর (Narendra Modi) সভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। সভাস্থল ও তার আশপাশের এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে, ফলে ওই এলাকায় কোনও ধরনের ড্রোন ওড়ানো যাবে না। নিরাপত্তার স্বার্থে আশপাশের বহুতল ভবন থেকে দূরবীন বা বাইনোকুলারের সাহায্যে নজরদারি চালানো হবে। পুরো এলাকাজুড়ে মোতায়েন থাকবেন প্রায় তিন হাজার নিরাপত্তারক্ষী। নিরাপত্তা ব্যবস্থার তদারকির দায়িত্বে থাকবেন এডিজি পদমর্যাদার আধিকারিক এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্যরাও।

শুক্রবার সন্ধ্যায় ব্রিগেড ময়দানে গিয়ে প্রস্তুতির খতিয়ান নেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ব্রিগেড ও সংলগ্ন এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বলবৎ থাকবে। পুরো এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে নিরাপত্তা মোতায়েন করা হবে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি পদমর্যাদার অফিসাররা। চার থেকে পাঁচটি সেক্টর মিলিয়ে তদারকির দায়িত্বে থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার স্তরের আধিকারিকরা, তাঁদের সঙ্গে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনাররাও।

কলকাতার বিভিন্ন এলাকা থেকে ব্রিগেডমুখী মিছিল আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিয়ালদহ, হাওড়া, শ্যামবাজার এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন দিক থেকে সমর্থকদের আগমন হতে পারে। সেই সব রাস্তায় প্রায় ৫০টি পিকেট বসানো হবে এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। ব্রিগেডের মঞ্চ এলাকা এবং আশপাশেও কড়া নজর রাখবে পুলিশ প্রশাসন।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে শহরের ট্রাফিক ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনা হতে পারে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শিয়ালদহ, হাওড়া ও শ্যামবাজারমুখী কিছু রাস্তায় ট্রাম ও অন্যান্য যানবাহনের চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি অনুযায়ী অন্যান্য রাস্তাতেও ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এজন্য দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশদের আগাম নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole