‘বিরিয়ানি খান হিন্দু দোকানে’, ‘পুজোর সামগ্রী কিনুন হিন্দু দোকান থেকে’! শিলিগুড়িতে পোস্টার ঘিরে বিতর্ক

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পুজোর আগে শিলিগুড়ি শহরজুড়ে হিন্দু জাগরণ মঞ্চের পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শহরের বিভিন্ন জায়গায় শতাধিক পোস্টার লাগিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি। কোথাও লেখা হয়েছে, ‘বিরিয়ানি খান, হিন্দু দোকানে’। কোথাও আবার আবেদন জানানো হয়েছে, পুজোর সামগ্রী কেনা হোক হিন্দু দোকান থেকে। পাশাপাশি ফেরিওয়ালাদের পরিচয় নিয়েও ভাবনাচিন্তা করার বার্তা দেওয়া হয়েছে পোস্টারে।

সংগঠনের সদস্য অভিষেক দাসের দাবি, এই পোস্টার কোনও ফতোয়া বা নির্দেশিকা নয়, বরং সামাজিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা আবেদন। তাঁর কথায়, সমাজের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগানো হয়েছে। মানুষ নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, তাঁদের উপর কোনও মতামত চাপিয়ে দেওয়া হচ্ছে না।

তবে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের একাংশের মানুষ। তাঁদের বক্তব্য, খাবার বা পুজোর সামগ্রী কেনার ক্ষেত্রে বিক্রেতার ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া উচিত নয়। শোলার কাজ-সহ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ধর্মের কারিগরদের অবদানও রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন অনেকে।

এই ঘটনায় আপত্তি জানিয়েছে বামেরাও। সিপিএম নেতা ইন্দ্রজিৎ চন্দের বক্তব্য, কর্মক্ষেত্রে ধর্মীয় পরিচয় বিবেচ্য হওয়া উচিত নয়। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও এই উদ্যোগকে অনুচিত বলে মন্তব্য করেছেন। পুজোর মুখে এই পোস্টার ঘিরে শিলিগুড়িতে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত।