Sougata Roy: রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে সৌগত রায়, তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সোমবার নিজের এক্স (X) হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই সাক্ষাতের ছবি শেয়ার করেন। ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, রমজান মাস চলায় তৃণমূলের একাধিক সাংসদ রাষ্ট্রপতির প্রাতঃরাশের আমন্ত্রণ গ্রহণ করেননি। সেই পরিস্থিতিতে দলের অবস্থানের বাইরে গিয়ে সৌগত রায়ের উপস্থিতি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আরও পড়ুন: Election 2026: নির্বাচনের আগে নজিরবিহীন পরিস্থিতি, বাংলায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাজুডিকেশন’

জানা গিয়েছে, আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার জন্য তৃণমূলের একটি প্রতিনিধিদল আগেই সময় চেয়েছিল। এ বিষয়ে গত সপ্তাহে প্রথমবার রাষ্ট্রপতিকে চিঠি দেয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু তখন সাক্ষাতের সময় মেলেনি। পরে আবারও দু’দিন আগে নতুন করে চিঠি পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। সেখানেও তৃণমূল প্রতিনিধিদলের সাক্ষাতের জন্য আলাদা করে সময় নির্ধারণ করা হয়নি। পরিবর্তে সাংসদদের জন্য প্রাতঃরাশের আমন্ত্রণ জানানো হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সাম্প্রতিক বাংলা সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রভাবেই রাষ্ট্রপতি তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠকের সময় দেননি। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়, রমজান মাস চলায় অনেক সাংসদের পক্ষে ওই প্রাতঃরাশে যোগ দেওয়া সম্ভব নয়। রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক রাষ্ট্রপতিকে চিঠি লিখে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, রোজার কারণে আমন্ত্রণে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না এবং ঈদের পরে সাক্ষাতের জন্য সময় দেওয়া হলে দল তা সাদরে গ্রহণ করবে। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে সৌগত রায়ের উপস্থিতি নিয়ে দলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সাংসদ শতাব্দী রায় এ বিষয়ে বলেন, “সৌগত রায়ের প্রাতঃরাশে যোগ দেওয়া নিয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ মনোজ টিপ্পা। তাঁর দাবি, “মনে হচ্ছে সৌগতবাবু দলের সিদ্ধান্ত মানছেন না।” ফলে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।