নিউজপোল ব্যুরো: বাংলার শাসকদলের অন্দরে এবার মহাবিস্ফোরণ! গত সপ্তাহে রক্তে শর্করার মাত্রা ৩৫০ ছুঁয়ে যাওয়ার ‘অসুস্থতার স্ক্রিপ্ট’ খাড়া করে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার একদা মুকুটহীন সম্রাট জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। কিন্তু পদত্যাগের নাটকীয় অধ্যায় পার হতে না হতেই আজ মঙ্গলবার খোদ বিধানসভার বুকে মমতার বুক কাঁপিয়ে চরম বিশ্বাসঘাতকতার ছবি সামনে এল।
আজ বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় সশরীরে হাজিরা দিয়ে সোজা বিরোধী দলনেতা তথা তৃণমূলের ‘এক নম্বর বিদ্রোহী’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার ঘরে ঢুকে গেলেন বালু। আর এই সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে দাবানল ছড়িয়ে পড়েছে—তবে কি নিজের চামড়া বাঁচাতে এবার ‘দিদি’-র হাত ছেড়ে সরাসরি ঋতব্রতর নতুন ব্লকে নাম লেখাচ্ছেন এই হেভিওয়েট? এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। একাংশের প্রশ্ন, তবে কি রাজ্যের রাজনীতিতে আরও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত মিলছে? সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের সুস্থতা কামনা করতে গিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সুটিয়া-কাণ্ডের ফাইল খোলার প্রসঙ্গ তোলেন। তারপর থেকেই নানা মহলে আলোচনা শুরু হয়। তার মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সাক্ষাৎ নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়েছে।
যদিও এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে ঠিক কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে আরও চমক দেখা যেতে পারে। একসময় যাঁদের অবস্থান ছিল ভিন্ন মেরুতে, তাঁদের এই সাক্ষাৎ এখন রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয়। বন্ধ দরজার আড়ালের সেই কথোপকথন ভবিষ্যতে কোন পথে যায়, এখন সেদিকেই নজর রাজ্যের।
