শ্রদ্ধার্ঘ প্রকল্প থেকে আমফান ত্রাণ! অভিষেককে ঘিরে একের পর এক অভিযোগে সরগরম ডায়মন্ড হারবার

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, ‘শ্রদ্ধার্ঘ’ প্রকল্পের আওতায় বৃদ্ধ-বৃদ্ধাদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা এবং স্বেচ্ছাসেবকদের মাসিক ভাতা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তাঁর দাবি, এই প্রকল্পের অর্থের উৎস ও উপভোক্তাদের তালিকা প্রকাশ করা উচিত।

এদিকে সম্প্রতি আরও দুটি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। কালীতলা-আশুতি থানায় প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ মাটি কাটার অভিযোগে একটি FIR দায়ের হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর থানায় আমফান ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগে আরও একটি মামলা নথিভুক্ত হয়েছে। দুটি ক্ষেত্রেই অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগ অনুযায়ী, সরকারি জমি থেকে দীর্ঘদিন ধরে বেআইনি খনন চালিয়ে এলাকার ভূমিরূপ বদলে দেওয়া হয়েছে। পাশাপাশি আমফান ত্রাণ বণ্টনের ক্ষেত্রেও একই ব্যক্তি বা একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার টাকা পৌঁছনোর অভিযোগ উঠেছে। তদন্তকারীরা নথি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগের সত্যতা আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি। সব মিলিয়ে ডায়মন্ড হারবারের রাজনীতি এখন নতুন বিতর্ককে কেন্দ্র করে উত্তপ্ত। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।