Mamata Banerjee: “এসআইআরের নামে কবি-সাহিত্যিকদের হেনস্তা চলবে না”, বইমেলার মঞ্চ থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

কলকাতা

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে এমন অভিযোগ বারবার তুলে ধরেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’-র অজুহাতে মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সামান্য অসঙ্গতির কারণেও বহু মানুষকে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: Nitin Nabin: বঙ্গজয়ের ব্লু-প্রিন্ট, চলতি মাসেই রাজ্য সফরে বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি

বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেও ফের এই ইস্যুতে তীব্র ভাষায় সরব হলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এসআইআর সংক্রান্ত হয়রানি এবং তার জেরে মৃত্যুর ঘটনাকে সামনে রেখে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও বিশিষ্ট কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিস পাঠানো নিয়েও ক্ষোভ উগরে দেন প্রশাসনিক প্রধান। এই পরিস্থিতির বিরুদ্ধে সকলকে একজোট হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হাত ধরেই আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী ভাষণেই তিনি জানান, রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ১১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে তাঁর দাবি। পাশাপাশি তিনি বলেন, শুনানির নামে মানুষকে পাঁচ-ছয় ঘণ্টা ধরে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক।

পদবীর বানান বা পারিবারিক তথ্য নিয়ে যেভাবে মানুষকে হেনস্তা করা হচ্ছে, তা নিয়েও মুখ্যমন্ত্রী কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ চ্যাটার্জি লেখেন, কেউ চট্টোপাধ্যায়, আবার কেউ মুখার্জি বা মুখোপাধ্যায় লেখেন—এতেই নাকি বড় অপরাধ হয়ে যাচ্ছে। এমনকি একাধিক সন্তানের ক্ষেত্রে একই বাবা-মা কীভাবে সম্ভব, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলার ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনে অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বকে যদি বাবা-মায়ের বয়সের ফারাক নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। জয় গোস্বামী ছাড়াও বহু চিকিৎসক ও ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

শেষে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগে জনগণ ঠিক করত কে ক্ষমতায় আসবে, এখন ভোটের আগেই কমিশন যেন সিদ্ধান্ত নিয়ে ফেলছে। গণতন্ত্রের এই হরণের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সাহিত্যিক ও অতিথিদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল স্পষ্ট আজ অমর্ত্য সেন বা জয় গোস্বামীর কাছে নোটিস গেলে, কাল তা যে কারও কাছেই যেতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole