নিউজ পোল ব্যুরো: বঙ্গজয়ের লক্ষ্য সামনে রেখে নতুন উদ্যমে মাঠে নামছে বিজেপি (BJP)। দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নীতীন নবীন (Nitin Nabin)। সভাপতি হওয়ার পর প্রথম বৈঠকেই বাংলায় সংগঠন মজবুত করার স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনি। এবার সেই বার্তাকে বাস্তবে রূপ দিতে নিজেই রাজ্যে আসছেন নীতীন (Nitin Nabin)। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি, দু’দিনের সফরে তিনি পশ্চিমবঙ্গে থাকবেন। দলীয় সূত্রের খবর, এই সফরে একাধিক সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বর্ধমানে একটি বড় জনসভা করবেন বিজেপি সভাপতি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির সাংগঠনিক ভিত আরও শক্ত করাই এই সফরের মূল লক্ষ্য।
সূত্র অনুযায়ী, নীতীন নবীন (Nitin Nabin) রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসবেন। সেই বৈঠকগুলিতে ভোটের রণকৌশল, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং বুথ স্তরে সংগঠন চাঙ্গা করার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশ দেবেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের রাজনৈতিক বার্তা যাতে তৃণমূল স্তরের কর্মীদের কাছে পৌঁছয়, সে বিষয়েও বিশেষ জোর দেওয়া হবে। বর্ধমানের জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা ও উন্নয়নমূলক এজেন্ডা তুলে ধরবেন নীতীন নবীন।
কার্যকারী সভাপতি হওয়ার পর থেকেই নীতীনের বক্তব্যে বারবার উঠে এসেছে সংগঠন শক্ত করার কথা। প্রকাশ্যেই তিনি জানিয়েছিলেন, সংগঠন যদি নিচ থেকে উপর পর্যন্ত মজবুত হয়, তাহলে বাংলাতেও বিজেপির জয় সম্ভব। সেই আত্মবিশ্বাস থেকেই এবার তিনি নিজে এসে রাজ্যের সংগঠনের হালহকিকত খতিয়ে দেখতে চাইছেন।
নীতীন একা নন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও বাংলায় ধারাবাহিকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনা নিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে একাধিক জনসভা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। ভোটের আগে ও পরে নরেন্দ্র মোদির একাধিক সভার পাশাপাশি ফেব্রুয়ারির শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরেরও সম্ভাবনা রয়েছে। শীর্ষ নেতৃত্বের ঘনঘন উপস্থিতির মাধ্যমে রাজ্যে সংগঠনকে আরও সক্রিয় করাই এখন গেরুয়া শিবিরের প্রধান লক্ষ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
