Amit Shah: মাধ্যমিকের জন্য কাটছাঁট সফরসূচিতে! ফেব্রুয়ারির বদলে চলতি মাসেই বঙ্গে অমিত শাহ

কলকাতা

নিউজ পোল ব্যুরো: নতুন বছর শুরু হতেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের শাসক ও বিরোধী শিবির। বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্বাচনী লড়াইকে সামনে রেখে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির জনসভা, কর্মসূচি ও জনসংযোগ অভিযান চলছে। তৃণমূল কংগ্রেসের (TMC) হাত থেকে রাজ্যের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সক্রিয়তা বাড়িয়েছে বিজেপিও (BJP)। সেই সঙ্গে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য সফরের সংখ্যা দ্রুত বাড়ছে।

আরও পড়ুন: Mamata Banerjee: “এসআইআরের নামে কবি-সাহিত্যিকদের হেনস্তা চলবে না”, বইমেলার মঞ্চ থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

বছরের শুরুতেই বাংলায় এসে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর পরেই নতুন দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন আগামী সপ্তাহে রাজ্যে আসছেন। এরপরই পশ্চিমবঙ্গ সফরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। যদিও তাঁর এই সফর ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, তবে সেই সূচিতে পরিবর্তন এনে জানুয়ারির শেষ দিকেই সফর এগিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সময়ে রাজনৈতিক প্রচার ও জনসভার ওপর প্রশাসনিকভাবে বিভিন্ন বিধিনিষেধ জারি থাকে। মাইক ব্যবহারে কড়া নিয়ম চালু হয় এবং জনসভা হলেও তা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হয়। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি এড়াতেই নিজের সফর এগিয়ে আনতে চাইছেন অমিত শাহ।

রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) আগামী ৩০ জানুয়ারি রাতে কলকাতায় পৌঁছবেন। পরদিন ৩১ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন। শিলিগুড়িতে দলের যুব সম্মেলনে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি থাকলেও সেগুলি এখনও চূড়ান্ত হয়নি। এই সফরে তিনি কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসে নির্বাচনী রণকৌশল নির্ধারণ করবেন, নাকি জনসভার মাধ্যমে প্রচারে নামবেন সেদিকে তাকিয়ে রাজ্য বিজেপির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ নেতা নীতীন নবীন (Nitin Nabin)। দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই তিনি বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নিজে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন নীতীন নবীন। দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে তিনি একাধিক সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বর্ধমানে একটি জনসভাতেও যোগ দেবেন। তাঁর সফরের পরপরই রাজ্যে আসছেন অমিত শাহ। সব মিলিয়ে আগামী সপ্তাহ থেকেই দিল্লি ও বাংলার মধ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের যাতায়াত আরও ঘন ঘন হতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole