নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনীতিতে ফের উথালপাথাল। কেন্দ্রের শুরু করা এসআইআর (SIR)-এর বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার স্পষ্ট ভাষায় জানালেন, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, ততক্ষণ পর্যন্ত আমিও করব না।” কালীঘাটের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাসভবনে ৭৭ নম্বর বুথের বিএলও (BLO) অমিত কুমার রায় বুধবার সকাল ১০টা ৫০ নাগাদ পৌঁছে ফর্ম দিয়ে আসেন। কিন্তু কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী নাকি নিজে হাতে ফর্ম নিয়েছেন সেই দাবিকেই আজ “সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে তীব্র ভাষায় নস্যাৎ করেন মমতা।
তিনি স্পষ্ট করেছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মী তার এলাকায় নিয়মমতো এসেছিলেন, অফিসে উপস্থিত কিছু ভোটারের নাম যাচাই করে ফর্ম দিয়ে যান। কিন্তু মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হিসেবে বা ব্যক্তি হিসেবে তিনি নিজে কোনো ফর্ম নেননি বা পূরণ করেননি। তাঁর স্পষ্ট ঘোষণা, “যখন বাংলার প্রতিটি নাগরিক ফর্ম পূরণ করবেন, তখনই আমি তা করব।”
তৃণমূলের এই অবস্থান নতুন নয়। শুরু থেকেই রাজ্যের শাসকদল এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই সার্ভের আড়ালে বিজেপি সরকার নাগরিক তথ্য ও ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করতে চাইছে। মঙ্গলবারই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে প্রতিবাদ জানান, আম্বেডকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিশাল মিছিল করে বার্তা দেন, “যদি একটিও নাম বাদ যায়, তবে বিজেপি সরকার ভেঙে ছাড়ব।”
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে তীব্র ভাষায়। শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “যদি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে ফর্ম না নেন, তাহলে নিয়মভঙ্গ হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী পরিবারের কেউ বা নিজেকে উপস্থিত থাকতে হয় ফর্ম গ্রহণের সময়। আর যদি মুখ্যমন্ত্রী মনে করেন বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানদের ভোটার করতে চান, সেটা বাংলার মানুষ হতে দেবে না।”
রাজনৈতিক মহলের মতে, এই বিতর্ক রাজ্য-কেন্দ্র সম্পর্কের নতুন অধ্যায় খুলে দিচ্ছে। তৃণমূল এই ইস্যুতে প্রশাসনিক সিদ্ধান্তকে জনআন্দোলনে পরিণত করতে চাইছে, আর বিজেপি চাইছে একে ‘জাতীয় স্বার্থের’ প্রতিরূপ হিসেবে তুলে ধরতে। বাংলার রাজনীতি তাই ফের তপ্ত গণনার ফর্ম এখন হয়ে উঠেছে ভোটযুদ্ধের নতুন মঞ্চ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
