নিউজ পোল ব্যুরো : সিপিআইএম (CPIM) ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়ার পর প্রথমবার দলের মঞ্চ থেকে বক্তব্য রাখলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেন এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বক্তব্যের মাঝেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান তুলে সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলেন।
আরও পড়ুন: Draupadi Murmu: ‘হয়তো আমার উপর রাগ করেছেন মমতা!’ বাংলা সফরে এসে কেন এমন আক্ষেপ রাষ্ট্রপতির কণ্ঠে?
বক্তৃতার শুরুতেই প্রতীক বিজেপিকে (BJP) কটাক্ষ করে বলেন, “যতই চেষ্টা করা হোক না কেন, শেষ পর্যন্ত বাংলার মানুষই ভোটের মাধ্যমে বিজেপিকে রাজনীতি থেকে মুছে দেবে।” তাঁর এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এরপর তিনি দেশভাগের ইতিহাসের প্রসঙ্গ টেনে আনেন। প্রতীক বলেন, “দেশভাগের সময় ভারতীয় মুসলমানরা জিন্নার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন এই দেশই আমাদের, আমরা এখানেই থাকব।” সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, বাংলার মুসলিম সমাজ আজও ভারতের প্রতিই তাদের অটুট বিশ্বাস ও ভালোবাসা ধরে রেখেছে।
মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন তিনি। প্রতীকের (Pratik Ur Rahman) কথায়, “আমাদের নেত্রী মঞ্চে উপস্থিত আছেন বলেই এতটা সাহস নিয়ে কথা বলতে পারছি। সামনে কঠিন রাজনৈতিক লড়াই রয়েছে, আর সেই লড়াই তৃণমূল কংগ্রেসই লড়বে।”
এরপর মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “যেমন ডিডি গেঞ্জি একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ড, তেমনই বাংলায় ‘দিদি’ নামটাও মানুষের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছে।” বক্তৃতার শেষ মুহূর্তে তিনি একটি জনপ্রিয় সংলাপের মাধ্যমে নিজের বক্তব্য শেষ করেন। তাঁর কথায়, “যতক্ষণ বাঘ বেঁচে আছে, ততক্ষণ তাকে হারানো যায় না।”
প্রতীক উর রহমানের (Pratik Ur Rahman) বক্তব্য শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে বলেন, “প্রতীক উর খুব ভালো বলেছ। এবার একটু জল খেয়ে নাও।” তাঁর এই মন্তব্যে মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাসির রোল ওঠে এবং মুহূর্তের জন্য সভার পরিবেশ হালকা হয়ে যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
