Medicine Quality Test Failed: গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫টি ওষুধের ব্যাচ, রাজ্যের পাঁচ সংস্থাও তালিকায়

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: গুণমান পরীক্ষায় ব্যর্থ একাধিক সংস্থার তৈরি মোট ৪৫টি ওষুধের নির্দিষ্ট ব্যাচ। সম্প্রতি এই সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তালিকায় আবারও উঠে এসেছে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল্‌স’-এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের একটি ব্যাচের নাম, যা নিয়ে গত বছর রাজ্যজুড়ে তীব্র আলোচনা হয়েছিল।

আরও পড়ুন: http://Elon Musk: খুন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ChatGPT-কে নিশানা করলেন এলন মাস্ক

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত তালিকাভুক্ত ৪৫টি ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ডিসেম্বর মাসে। পরবর্তীতে সেগুলি রাজ্যের ভিতর ও বাইরে বিভিন্ন অনুমোদিত ল্যাবরেটরিতে পাঠিয়ে গুণমান পরীক্ষা করা হয়। কোনও নমুনা পরীক্ষা হয়েছে কলকাতার ল্যাবে, আবার কিছু নমুনা পাঠানো হয় ভিন্‌রাজ্যের পরীক্ষাগারেও। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই এই ওষুধগুলিকে গুণমান পরীক্ষায় ব্যর্থ বলে ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী, উত্তর দিনাজপুরের চোপড়ায় অবস্থিত ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল্‌স’-এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের ০৩বি৩৯১১ নম্বর ব্যাচটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই ব্যাচের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল অসমের গুয়াহাটির একটি ল্যাবরেটরিতে। উল্লেখযোগ্য ভাবে, গত বছর স্যালাইন-কাণ্ডের পর থেকেই এই সংস্থার তৈরি রিঙ্গার্স ল্যাকটেট ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এ ছাড়াও এ রাজ্যের আরও চারটি সংস্থার তৈরি ওষুধের নির্দিষ্ট ব্যাচ এই তালিকায় রয়েছে। হাওড়ার উলুবেড়িয়ার ‘লাইফ ফার্মাসিউটিক্যাল্‌স প্রাইভেট লিমিটেড’-এর তৈরি ক্রোমোস্ট্যাট ইঞ্জেকশন, জগাছার ‘ডায়মন্ড ড্রাগ্‌স’-এর ড্রায়েড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল, কলকাতার ‘সানি ইন্ডাস্ট্রিজ়’-এর পটাশিয়াম ক্লোরাইড এবং ‘ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর তৈরি ওরাল রিহাইড্রেশন সল্টস (ORS) গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই চারটি ওষুধের নমুনাই পরীক্ষা করা হয়েছিল কলকাতার ল্যাবরেটরিতে। তালিকায় শুধু রাজ্যের সংস্থাই নয়, গুজরাত, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড-সহ বিভিন্ন রাজ্যের সংস্থার তৈরি অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ এবং অন্যান্য জরুরি ওষুধও রয়েছে। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই ব্যাচের কোনও ওষুধ আর ব্যবহার করা যাবে না এবং বাজারে বা হাসপাতালের মজুত থেকে অবিলম্বে সেগুলি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।