নিউজ পোল ব্যুরো: গ্রিনল্যান্ডকে আমেরিকার (America) অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করতেই নতুন করে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউরোপ ও আমেরিকার মধ্যে চলা টানাপোড়েন এই ঘটনায় আরও তীব্র হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ওই মানচিত্রে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ইউরোপজুড়ে।
আরও পড়ুন: Nashik: হাতের তালুতে ‘আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড’, নাসিকে বিশেষভাবে সক্ষম তরুণীর রহস্যমৃত্যু
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সরাসরি ওই মানচিত্র নিয়ে মন্তব্য না করলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং সে বিষয়ে কোনও বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাঁর বক্তব্য, দেশের সীমান্ত, ভূখণ্ড, স্বাধীনতা ও জাতীয় পরিচয় নিয়ে কোনও আপসের প্রশ্নই ওঠে না। এই অবস্থানকে সমর্থন জানাতে তিনি বিশ্বের অন্যান্য নেতাদের কাছেও আহ্বান জানিয়েছেন।
ফ্রেডেরিকসেন আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি কোনও বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। এর আগেও তিনি ট্রাম্পের (Donald Trump) ট্যারিফ হুমকির কড়া সমালোচনা করে বলেছিলেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ এবং কোনও একক দেশের উপর নয়, গোটা ইউনিয়নের উপরই শুল্ক আরোপ করতে হবে।
অন্যদিকে, ইউরোপের আপত্তি কার্যত উড়িয়ে দিয়েছেন ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে তাঁর অবস্থান থেকে সরে আসার কোনও সম্ভাবনাই নেই। ইতিমধ্যেই একাধিক ইউরোপীয় দেশ তাঁর বিরোধিতা শুরু করেছে, যার প্রভাব ন্যাটোতেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যদিও ট্রাম্প দাবি করেছেন, ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অপরিহার্য।
ট্রাম্পের এই অবস্থানের জেরে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জটিল হতে পারে বলেও মনে করা হচ্ছে। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের অংশ প্রকাশ্যে আসায় উত্তেজনা আরও বেড়েছে। ওই বার্তায় ম্যাক্রোঁ ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে একগুঁয়েমি ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন, যা নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
