Madhyamik Exam 2026 : পরীক্ষার ঠিক আগে বড় সিদ্ধান্ত, মাধ্যমিকের নাম নথিভুক্তিকরণ ও ত্রুটি সংশোধনের পোর্টাল খুলছে পর্ষদ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পরীক্ষা শুরুর মুখে পড়ুয়াদের জন্য বড় স্বস্তির খবর (Madhyamik Exam 2026)। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও ফের একবার নাম নথিভুক্তিকরণ ও তথ্য সংশোধনের সুযোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board)। বহু পরীক্ষার্থীর নাম সময়মতো জমা না পড়া এবং একাধিক স্কুলের গাফিলতির অভিযোগ সামনে আসার পরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পর্ষদ সূত্রে খবর, কিছু স্কুল ভুল তথ্য দিয়ে পরীক্ষার্থীদের নাম পাঠিয়েছে, আবার কোথাও কোথাও নামই জমা পড়েনি। এর জেরে মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন বহু পড়ুয়া ও অভিভাবক। পরিস্থিতির গুরুত্ব বুঝেই শেষ মুহূর্তে পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

আরও পড়ুন : Passwords Leak: এক ক্লিকে উধাও গোপনীয়তা! বিশ্বজুড়ে ১৫ কোটি ইউজারের পাসওয়ার্ড প্রকাশ্যে

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্তিকরণ এবং তথ্য সংশোধনের সুযোগ মিলবে (West Bengal Board)। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই স্কুলগুলিকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভুল নাম, জন্মতারিখ বা অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রেও এই সময়ের মধ্যেই আবেদন জানাতে হবে। এর পর ২৯ জানুয়ারি সংশ্লিষ্ট স্কুলগুলিকে লেট ফি জমা দিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তবে এই বিশেষ সুযোগ সবার জন্য নয়। শুধুমাত্র যেসব পড়ুয়া টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, নবম ও দশম শ্রেণি মিলিয়ে যাদের ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি রয়েছে এবং যাদের নাম স্কুলের গাফিলতির কারণে নথিভুক্ত হয়নি, তারাই এই সুবিধা পাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এনরোলমেন্টের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে নিজ নিজ স্কুলের মাধ্যমে। পড়ুয়াদের আলাদা করে আবেদন করার সুযোগ নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পর্ষদ স্পষ্ট জানিয়েছে, এই ক্ষেত্রে নির্ধারিত ফি এবং লেট ফাইন স্কুলকেই জমা দিতে হবে। পাশাপাশি যেসব স্কুলের দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই সমস্যা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী, রাজ্যের সমস্ত স্কুলেই নবম শ্রেণিতে পড়ুয়াদের মাধ্যমিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অকৃতকার্য পড়ুয়াদের জন্য আলাদা সময়ও নির্ধারিত ছিল। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে এই সংক্রান্ত গাফিলতির জন্য প্রতি পড়ুয়া পিছু ৫,০০০ টাকা জরিমানা ধার্য করেছিল পর্ষদ। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধান শিক্ষকদের সংগঠন রাজ্য সরকারকে চিঠিও দিয়েছিল। যদিও তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে জানিয়েছিলেন, এই বিষয়ে শিক্ষা দফতর কোনও হস্তক্ষেপ করবে না(Madhyamik Exam 2026)।