Weather Update: ফের দুর্যোগের ভ্রুকুটি, বঙ্গে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড় নিয়েও নজর IMD-র

আবহাওয়া কলকাতা

নিউজপোল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট শুরু হয়েছে। শুক্রবার সকালেও কলকাতা-সহ একাধিক এলাকায় আকাশ ছিল মেঘলা। কোথাও আবার সাময়িকভাবে রোদের দেখা মিললেও আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে স্বস্তি নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে উপ-হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে, ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন:- প্রসাদ ভেবে খাজা কিনছেন? পুরীতে নিম্নমানের খাজার অভিযোগে বড়সড় তল্লাশি

এর মধ্যেই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। IMD-র তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ১৯ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সময়ে সেটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে।

তবে এখনই সেটিকে ঘূর্ণিঝড় হিসেবে নিশ্চিত করেনি আবহাওয়া দফতর। পরিস্থিতির উপর নজর রাখছে IMD। আগামী কয়েক দিনে সিস্টেমটির গতিপথ ও শক্তিতে পরিবর্তন হলে নতুন করে সতর্কতা জারি হতে পারে।