দুই বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগ, বিএসএফের হাতে আটক সেনা জওয়ান

জেলা

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে ঢোকানোর অভিযোগ উঠল এক সেনা জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের পাশাপাশি ওই সেনা জওয়ানকেও বিএসএফ আটক করেছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত এলাকার। অভিযোগ, ওই দুই বাংলাদেশি নাগরিককে সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। সেই সময় সীমান্তে কর্তব্যরত ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন।

বিএসএফের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁদের নাম জয় বারুই ও বৈশাখী বারুই। অভিযোগ, গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ান অর্থের বিনিময়ে তাঁদের সীমান্ত পার করে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিলেন।

পরে দুই বাংলাদেশি নাগরিককে বিথারী বিওপির বিএসএফের পক্ষ থেকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের গ্রেফতার করে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত গৌতম অধিকারী বর্তমানে যোধপুরে কর্মরত বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি হুগলির মগরা এলাকায়। সীমান্ত দিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।