লুডো খেলা নিয়ে বচসা! মিনাখাঁয় প্রতিবেশীকে কোদাল দিয়ে আঘাতের অভিযোগ

breakingnews অপরাধ জেলা

নিউজপোল ব্যুরো: লুডো খেলাকে কেন্দ্র করে বচসার জেরে প্রতিবেশীকে কোদাল দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার পুটখালি এলাকায়। গুরুতর আহত ওই ব্যক্তির নাম পরাণ মণ্ডল (৬৫)। ঘটনায় অভিযুক্ত সমীর মণ্ডলকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে বসে পরাণ মণ্ডল ও সমীর মণ্ডল লুডু খেলছিলেন। অভিযোগ, সেই সময় দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। খেলা চলাকালীন কোনও বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে সেই বিবাদ আরও তীব্র হয়। অভিযোগ, আচমকাই সমীর একটি কোদাল নিয়ে পরাণ মণ্ডলের মাথার পিছনে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান পরাণ।

আরও দেখুন:-নাগরিক পরিষেবা বেহাল, বসিরহাটে পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে সমীর মণ্ডলকে গ্রেফতার করা হয়।

পুলিশ পরাণ মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার নেপথ্যে থাকা পরিস্থিতি এবং বিবাদের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।