Rudranil Ghosh: কোয়েলের ইস্তফা নিয়ে মুখ খুললেন রুদ্রনীল, বললেন— ‘ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন’

পেজ 3 রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরে নিজেকে রাজনীতির বাইরে রাখা টলিউডের এই জনপ্রিয় মুখের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনুরাগীরাও। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে কম সমালোচনাও হয়নি। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথ গ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন কোয়েল। এই ইস্তফা ঘিরে নানা জল্পনার মাঝেই মুখ খুললেন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

আরও পড়ুন:রাজনীতির মঞ্চে কোয়েলের অধ্যায় কি শেষ? কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য

শনিবার নিজের নতুন ছবি ‘আবার হাওয়া বদল’-এর প্রিমিয়ারে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোয়েলের সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত জানান তিনি। রুদ্রনীলের (Rudranil Ghosh) কথায়, কোয়েল প্রথমত একজন অত্যন্ত ভালো মানুষ এবং রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী। তাঁর মতে, জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নেয়, যা পরে নতুন করে ভাবতে বাধ্য করে। সেই প্রসঙ্গ টেনেই অভিনেতা বলেন, ‘‘মানুষের জানা-অজানার মাঝেও অনেক সিঁড়ি থাকে। হতে পারে কোয়েল এমন একটি সিঁড়িতে পা দিয়েছিলেন, যেটিকে তিনি অন্য কোথাও পৌঁছে দেবে বলে ভেবেছিলেন। পরে হয়তো বুঝেছেন, পথটা তাঁর ভাবনার সঙ্গে মেলেনি। তাই সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।’’

রুদ্রনীল আরও জানান, কোয়েলের প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা এবং স্নেহ বরাবরের। তিনি বলেন, ‘‘কোয়েল আমার খুব প্রিয় মানুষ। ওর সিদ্ধান্তকে আমি সম্মান করি।’’
রাজনীতির প্রসঙ্গের পাশাপাশি নিজের নতুন ছবি ‘আবার হাওয়া বদল’ নিয়েও কথা বলেন অভিনেতা। তাঁর দাবি, ছবিটি আরও আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ছবি মুক্তির পরিকল্পনা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

রুদ্রনীলের অভিযোগ, ‘‘ছবিটা মুক্তি পেতে বাধার মুখে পড়েছিল। তবে যাঁরা সেই বাধা তৈরি করেছিলেন, মানুষ আজ তাঁদের ভুলতে শুরু করেছে। নিজেদের পরিচয় নিয়েই তাঁরা বিভ্রান্ত। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও ছবিটা অবশেষে দর্শকের সামনে এসেছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’’ তিনি আরও বলেন, ‘‘মন খারাপের সময়েও এই ছবি দর্শকের মুখে হাসি ফোটাবে বলে আমার বিশ্বাস।’’

উল্লেখ্য, প্রায় ১৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া বদল’ দুই বন্ধুর সম্পর্ক ও জীবনের টানাপোড়েনের গল্পে দর্শকের মন জয় করেছিল। সেই ছবিরই নতুন অধ্যায় ‘আবার হাওয়া বদল’। ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ। দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত ছবির সঙ্গে যুক্ত সকলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole