Narendra Modi:”পাপের ঘড়া পূর্ণ হয়েছে,” উত্তরবঙ্গ থেকে ২০২৬-এর রণদামামা বাজালেন প্রধানমন্ত্রী!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে উত্তরবঙ্গের মাটি থেকেই প্রচার অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে আয়োজিত বিজেপির ‘বিজয় সংকল্প সভা’র মঞ্চ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি। সভার শুরুতেই বাংলায় বক্তব্য রেখে উপস্থিত জনতাকে আপন করে নেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। এরপরই সরাসরি রাজনৈতিক আক্রমণে গিয়ে তিনি দাবি করেন, কলকাতার ব্রিগেড সমাবেশের পর থেকেই রাজ্যের শাসকদলের গোটা সিন্ডিকেট ভয়ের আবহে রয়েছে। কোচবিহারের জনসমুদ্রের উচ্ছ্বাস দেখে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, বাংলার মানুষ এখন পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছে এবং রাজ্যে নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/04/05/abhishek-banerjee-raina-rally-tmc-warning-bjp-internal-conflict/

শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মোদী এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। তাঁর সাফ কথা, পরিবর্তনের পর নতুন সরকার ক্ষমতায় এলে তৃণমূলের জমানার প্রতিটি অন্যায়ের হিসেব নেওয়া হবে, আর সেই হিসেব হবে বেছে বেছে। দুর্নীতির পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুটিকেও এদিন প্রচারের কেন্দ্রে নিয়ে আসেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। প্রশাসনিক মদতে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি সীমান্ত সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ করার আশ্বাস দেন। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল যে, আগামী নির্বাচনে নিরাপত্তা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণকেই বিজেপি প্রধান হাতিয়ার করতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজ্যের বর্তমান শাসনব্যবস্থায় সাধারণ মানুষ যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, সেই প্রসঙ্গটিও এদিন উঠে আসে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর ভয়ের এই পরিবেশ চিরতরে ঘুচে যাবে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। মানুষের মনে হারানো ভরসা ফিরিয়ে আনাই যে তাঁর দলের প্রধান লক্ষ্য, তা মোদী বারবার স্মরণ করিয়ে দেন। সব মিলিয়ে, উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করে মোদী এই বার্তাই দিলেন যে, ২০২৬-এর নির্বাচনে ‘ভয় নয়, ভরসা’ই হতে চলেছে বিজেপির প্রধান স্লোগান।