Abhishek Banerjee:‘টাকা নিয়ে দলকে দুর্বল করলে রেয়াত নয়’, রায়না থেকে কড়া হুঁশিয়ারি অভিষেকের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:নির্বাচনী প্রচারে রায়নায় এসে একদিকে যেমন বিরোধীদের তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তেমনই দলের ‘ঘরের শত্রু’দের বিরুদ্ধেও দিলেন কড়া হুঁশিয়ারি। প্রকাশ্য জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দলের ভেতর থেকে কেউ বেইমানি করলে তা বরদাস্ত করা হবে না। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের কেউ কেউ রাতের অন্ধকারে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে। দল যে প্রত্যেকের ওপর কড়া নজর রাখছে, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, আগামী ৪ তারিখ এর হিসাব হবে। রায়না বিধানসভা থেকে তৃণমূল প্রার্থীকে ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী করার লক্ষ্যমাত্রা বেঁধে দেন তিনি।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/04/04/ramayan-movie-the-recent-ramayan-movie-of-namit-malhotra-budgeted-is-movie-above-the-amount-of-700-crore-and-want-nearly-1000-crore/

বক্তৃতার শুরুতেই বাম আমলের সন্ত্রাসের কথা মনে করিয়ে দিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ২০০৯ সালে মাধকডিহিতে যে সন্ত্রাস সিপিআইএম চালিয়েছিল, এখানকার মা-বোনেরা তাদের তাড়িয়ে তার যোগ্য জবাব দিয়েছেন। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের সময় রায়নার মানুষ যেভাবে ১৬-০ ব্যবধানে জোড়াফুলকে জয়ী করেছিলেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিজেপি প্রার্থীকে ‘অচেনা’ ও ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করেন যে, লড়াই যদি করতেই হয় তবে ধর্মের ভিত্তিতে নয়, হোক কর্মের ভিত্তিতে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, বিজেপি সরকার তাদের কাজের রিপোর্ট কার্ড সামনে আনুক।

এদিন কৃষিপ্রধান রায়নার মানুষের সামনে উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন অভিষেক। গোতান থেকে কামারহাটি পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা তৈরি, মহাবিদ্যালয় ও কিষাণমান্ডি স্থাপন এবং স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের কথা মনে করিয়ে দেন তিনি। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, কেন্দ্র গোবিন্দভোগ চালের রপ্তানি বন্ধ করে দেওয়ায় স্থানীয় কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মূল্যবৃদ্ধি নিয়ে তোপ দেগে তিনি বলেন, মোদী সরকার সাধারণ মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সেই টাকা মানুষের হাতে ফিরিয়ে দিচ্ছেন। কার পাশে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তিনি ভোটারদের ওপরেই ছেড়ে দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করে অভিষেক বলেন, ইতিমধ্যে ১৫টির বেশি জেলায় সভা করে তিনি মানুষের মেজাজ বুঝে গিয়েছেন। প্রথম দফার ভোটেই বিজেপির পরাজয় নিশ্চিত দাবি করে তিনি স্লোগান তোলেন, “বলো হরি হরি বোল, বহিরাগতদের খাটে তোল হবে।” রায়নার ঘরের মেয়ে মন্দিরা দলুইয়ের ওপর আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।