নিউজ পোল ব্যুরো: স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্যতালিকায় এখন জায়গা করে নিয়েছে নানা ধরনের বীজ। তুলসীর বীজ, চিয়া, তিসির পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে কুমড়োর বীজও (Pumpkin Seeds)। অনেকে এটিকে শুকনো কড়াইয়ে ভেজে স্ন্যাক্স হিসেবে খান, কেউ আবার দই, স্মুদি কিংবা স্যালাডে মিশিয়ে নেন। পুষ্টিগুণে ভরপুর এই বীজ শরীরের জন্য উপকারী হলেও, সঠিক নিয়ম না মেনে খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।
আরও পড়ুন: Healthy Lifestyle : কাঁচা স্প্রাউট খাওয়ার আগে জেনে নিন পুষ্টিবিদ খুশি ছাবরার সতর্কতা
কুমড়োর বীজে (Pumpkin Seeds) রয়েছে ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ক্যালশিয়াম, ফাইবার এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এই সব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হাড় মজবুত রাখতে এবং হৃদ্যন্ত্রের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তাই বলে ইচ্ছেমতো বেশি খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়।
বিশেষজ্ঞদের মতে, যাঁদের লিভারের সমস্যা রয়েছে, তাঁদের যে কোনও ধরনের বীজ খাদ্যতালিকায় যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একই ভাবে, যাঁরা ‘ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম’ (আইবিএস)-এ ভুগছেন, তাঁদের ক্ষেত্রেও কুমড়োর বীজ হজমের সমস্যা, পেটফাঁপা বা অস্বস্তির কারণ হতে পারে। আবার যাঁদের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম থাকে, তাঁদেরও এই বীজ অতিরিক্ত না খাওয়াই ভাল।
ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকে কুমড়োর বীজকে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে বেছে নেন। কিন্তু মনে রাখতে হবে, এতে ক্যালোরির পরিমাণও কম নয়। অতিরিক্ত খেলে উল্টে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই পরিমাণ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কুমড়োর বীজ খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। অনেকে বেশি সময় ধরে উচ্চ আঁচে ভেজে ফেলেন, যা মোটেই উচিত নয়। অতিরিক্ত তাপে বীজে থাকা উপকারী ফ্যাট ও ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা আঁচে দুই থেকে তিন মিনিট নেড়ে নিলেই যথেষ্ট। বাজার থেকে কেনা প্যাকেটজাত বীজে অতিরিক্ত নুন মেশানো থাকতে পারে। তাই কেনার আগে উপাদানের তালিকা দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন ২৮ থেকে ৩০ গ্রাম কুমড়োর বীজ খেতে পারেন। তবে ডায়াবেটিস, লিভারের অসুখ বা অন্য কোনও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই খাদ্যতালিকায় এটি যোগ করা উচিত।
স্বাস্থ্যকর খাবার মানেই বেশি খাওয়া নয়। সঠিক পরিমাণ ও সঠিক নিয়ম মেনে খেলেই কুমড়োর বীজ হতে পারে সুস্থ জীবনের একটি উপকারী সঙ্গী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
