নিউজ পোল ব্যুরো:আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতার রেড রোড। প্রথমবারের মতো তিলোত্তমার বুকে এত বৃহৎ পরিসরে আয়োজিত হল আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Red Road)।
রবিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। শিশু থেকে প্রবীণ— সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রেড রোড কার্যত পরিণত হয় এক বিশাল উন্মুক্ত যোগমঞ্চে। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Red Road) যোগাভ্যাসের পাশাপাশি যোগের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘‘যোগ আজ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে এটি এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে।’’
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং বিভিন্ন শারীরিক সমস্যার মোকাবিলায় যোগ একটি কার্যকর উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর কথায়, ‘‘যোগ কেবল শরীরচর্চা নয়, এটি শরীর, মন ও আত্মার মধ্যে সমন্বয় সাধনের এক অনন্য মাধ্যম।’’
রেড রোডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাসন ও প্রাণায়াম করতেও দেখা যায়। অনুষ্ঠানস্থল ঘুরে কয়েকজনের সঙ্গে কথাও বলেন তিনি।
এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল সুস্থ ও সুষম জীবনযাপনে যোগচর্চার গুরুত্ব তুলে ধরা। কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষে সমাজমাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লেখেন, ‘‘এই প্রাণবন্ত শহরে যোগ দিবস পালন করতে পেরে আমি গর্বিত। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য কলকাতার সকল ভাই-বোনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’’
তিনি আরও উল্লেখ করেন, ২১ জুন এখন বিশ্বের অন্যতম বৃহত্তম গণ-উদ্যাপনে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক যোগ দিবস আজ কোটি কোটি মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, ২০১৪ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উদ্যোগে রেকর্ড সংখ্যক দেশের সমর্থনে প্রস্তাবটি গৃহীত হয়। এরপর থেকেই প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।
এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাবধারার উল্লেখ করেন। ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার সঙ্গে যোগের নিবিড় সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলার মনীষীদের চিন্তাধারা বিশ্বকে পথ দেখিয়েছে, আর যোগ সেই চেতনারই গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। ওয়াকিবহাল মহলের মতে, রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের এই বৃহৎ আয়োজন আগামী দিনে বাংলায় যোগচর্চার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
