নিউজ পোল ব্যুরো: ‘ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না’, গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। ওই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জনস্বাস্থ্য, পূর্ত, পরিবহণ, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ, সুন্দরবন উন্নয়ন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
আগামী বছরের জানুয়ারি মাসে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে। সেই বিশাল আয়োজনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গঙ্গাসাগর মেলায় কোনওভাবেই ভিআইপি সংস্কৃতি চলবে না। ভিআইপি বা বিশেষ ব্যক্তিদের জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি।
ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিশেষ ব্যবস্থার কথাও উঠে আসে বৈঠকে। জানা গেছে, আগামী ১২ জানুয়ারির মধ্যেই মন্ত্রীরা গঙ্গাসাগরে পৌঁছবেন। প্রায় সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ দিয়ে মেলায় নিয়োজিত করা হবে। প্রত্যেক পুণ্যার্থীর হাতে রিস্ট ব্যান্ড ও পরিচয়পত্র দেওয়া হবে এবং সকলের জন্য বিমার ব্যবস্থাও থাকছে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। যাতায়াতের জন্য প্রায় ২,৫০০টি বাস, ২৫০টি লঞ্চ এবং ২১টি জেটির ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়াও গঙ্গাসাগর মেলার দিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে চার কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতু। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু নির্মিত হলে কাকদ্বীপ থেকে সরাসরি সাগরদ্বীপে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে। বর্তমানে ফেরি বা পন্টুন ব্রিজের উপর নির্ভরশীল যাত্রাপথ অত্যন্ত কষ্টসাধ্য। এই নতুন সেতু তীর্থযাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে। সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দফতরকে মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
