নিউজ পোল ব্যুরো: বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’ আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের হুগলি (Hooghly) জেলায় অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশাল ধর্মীয় জমায়েতকে কেন্দ্র করে যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে আগাম এবং কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে ইমামদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই তিনি প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পষ্ট নির্দেশনা দেন।
জানা গেছে, আগামী ২ জানুয়ারি থেকে হুগলির (Hooghly) পোলবার দাদপুর এলাকায় শুরু হবে এই বিশ্ব ইজতেমা, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। চারদিনব্যাপী এই ধর্মীয় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের নানা দেশ থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন। ইমাম সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সময়ে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ মানুষের সমাগম হতে পারে। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
নবান্নে অনুষ্ঠিত বৈঠকে ইমাম সংগঠনের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্টভাবে জানান, হুগলি জেলা প্রশাসনকে সব দিক থেকে সজাগ থাকতে হবে। বিশেষ করে আগত মানুষের থাকা, খাওয়া, পানীয় জল, শৌচাগার এবং স্বাস্থ্য পরিষেবা যেন নির্বিঘ্নে পাওয়া যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলেন তিনি।
এছাড়াও যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ, গণপরিবহণের সুবিধা এবং জরুরি পরিষেবার প্রস্তুতি রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সমাবেশ চলাকালীন যাতে কোনও রকম গুজব, অশান্তি বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারির কথাও উল্লেখ করেন তিনি।
পশ্চিমবঙ্গ বরাবরই ধর্মীয় সম্প্রীতির রাজ্য হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন। বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে তাঁর সক্রিয় উপস্থিতি সেই মনোভাবকেই তুলে ধরে। দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ থেকে শুরু করে মহাকাল মন্দির দর্শন সব ক্ষেত্রেই তিনি ধর্মীয় সহাবস্থানের উদাহরণ স্থাপন করেছেন। সেই ধারাবাহিকতায় বিশ্ব ইজতেমাও যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
