CSIR UGC NET 2025: সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার কাউন্টডাউন শুরু, অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ–ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার আর মাত্র তিনদিন বাকি। তার আগেই পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে সিএসআইআর ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড। আগামী ১৮ ডিসেম্বর দেশজুড়ে এই সর্বভারতীয় স্তরের পরীক্ষা আয়োজন করা হবে

প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্যতা নির্ধারণের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরও পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক (CBT Mode) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর আগে পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল এনটিএ। এবার প্রকাশিত হল চূড়ান্ত অ্যাডমিট কার্ড।এনটিএ জানিয়েছে, অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, পরীক্ষার তারিখ ও শিফ্‌ট, পরীক্ষাকেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা, পরীক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা রয়েছে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ভালোভাবে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। যদি কারও অ্যাডমিট কার্ডে নাম, ছবি বা অন্য কোনও তথ্যের ভুল থাকে, তাহলে দ্রুত এনটিএ-র সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Tarakeswar: শিশুর ভিটামিন সিরাপের বোতল খুলতেই মাকড়সা, তীব্র শোরগোল তারকেশ্বরের

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি

প্রথমে পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট csirnet.nta.ac.in-এ যেতে হবে। এরপর “CSIR UGC NET December 2025 Admit Card” লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে প্রবেশ করে নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে। এরপর প্রদত্ত সিকিউরিটি কোড সাবমিট করলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে ভেসে উঠবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা মোট দু’টি শিফ্‌টে অনুষ্ঠিত হবে। প্রথম শিফ্‌ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফ্‌ট বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরীক্ষার মোট পূর্ণমান ২০০ এবং সময়সীমা ১৮০ মিনিট। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পরামর্শ দিয়েছে এনটিএ।