Draupadi Murmu: মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল খারিজ! রাষ্ট্রপতি ভবনের সিদ্ধান্তে জল্পনা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাজ্যের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে প্রস্তাবিত বড়সড় পরিবর্তনে আপাতত ইতি টানলেন মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পশ্চিমবঙ্গ সরকারের আনা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুই গুরুত্বপূর্ণ সংশোধনী বিলে সম্মতি প্রদান করেননি তিনি। এর ফলে রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর পদে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর প্রস্তাব কার্যকর হচ্ছে না।

আরও পড়ুন: Mamata Banerjee: সাধারণ মানুষকেই গুরুত্ব, ‘ভিআইপি কালচার’ নিয়ে বড় ঘোষণা মমতার

রাজভবন সূত্রে খবর, গত ২০ এপ্রিল ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখেন রাজ্যপাল। ওই বিলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব রাখা হয়েছিল। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। সেই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা চ্যান্সেলর পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল।

তবে দীর্ঘ পর্যালোচনার পর রাষ্ট্রপতি (Draupadi Murmu) এই দুই সংশোধনী বিলেই স্বাক্ষর করতে সম্মত হননি। ফলে সংবিধানসম্মত অনুমোদন না পাওয়ায় সংশোধনী দুটি কার্যকর করা সম্ভব হলো না। রাজভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে রাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই বিধানের সঙ্গে সংশোধনী বিলগুলির প্রস্তাব সাংঘর্ষিক হওয়ায় রাষ্ট্রপতি সম্মতি প্রদান থেকে বিরত থেকেছেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে নবান্নে (Nabanna) অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। পরবর্তীতে সংশ্লিষ্ট বিল বিধানসভায় পাস হয় এবং তা তৎকালীন রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

কিন্তু রাষ্ট্রপতির (Draupadi Murmu) অনুমোদন না পাওয়ায় রাজ্য সরকারের সেই পরিকল্পনা আপাতত থমকে গেল। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর বা আচার্য পদে কোনও পরিবর্তন হচ্ছে না এবং আগের মতোই রাজ্যপালই ওই পদে বহাল থাকছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole