নিউজপোল ব্যুরো: রবিবারের ছুটির মেজাজ এক্কেবারে জলকাদায় মাখিয়ে দেওয়ার পর, সপ্তাহের প্রথম কাজের দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতাবাসীর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে অফিস টাইমে এই দুর্যোগের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে আজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে শুধু ছাতা বা রেইনকোট সাথে রাখলেই চলবে না, রাস্তায় সাবধানে পা ফেলার কড়া বার্তাও দিচ্ছেন আবহাওয়াবিদরা।
রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলেছে। শহরের চাঁদনি চক-সহ একাধিক এলাকায় রাস্তার মাঝে গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। কলকাতার বেশ কিছু নিচু এলাকাগুলোতে জল জমার চেনা ছবিও ফের সামনে এসেছে। হাওয়া অফিস স্পষ্ট জানাচ্ছে, সোমবার সকাল থেকে পরিস্থিতির তো কোনো উন্নতি হবেই না, উল্টে দুর্যোগের বহর আরও বাড়তে পারে। আজ দিনভর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুধু সোমবার নয়, গোটা সপ্তাহ জুড়েই ভেজা আবহাওয়া সঙ্গী হতে পারে শহরবাসীর। সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে কর্মব্যস্ত মানুষদের বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই প্রকৃতির বেখেয়ালী নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। একদিকে জলমগ্ন রাস্তাঘাট, অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপট— সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই অফিসযাত্রীদের এক চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে।
