নিউজ পোল ব্যুরো:শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, দ্রুত গণনার দক্ষতা এবং মানসিক বিকাশে অ্যাবাকাস শিক্ষার গুরুত্ব তুলে ধরতে রবিবার বিশেষ উদ্যোগ নিল রাজারহাট মডার্ন শিক্ষা নিকেতন অ্যাকাডেমিক স্কুল। অ্যাবাকাস (Abacus Education for Child Development) সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও। রাজারহাট ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক পড়ুয়া এই অনুষ্ঠানে অংশ নেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে বইয়ের পড়াশোনার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব ক্রমশ বাড়ছে। অ্যাবাকাস কেবল দ্রুত অঙ্ক করার একটি পদ্ধতি নয়, এটি শিশুদের মস্তিষ্কের বিকাশ, একাগ্রতা বৃদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিশ্লেষণী দক্ষতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও পড়ুয়াদের অ্যাবাকাস প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অ্যাবাকাস চর্চার মাধ্যমে শিশুদের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বাড়ে এবং অঙ্কভীতি অনেকটাই কমে যায়। তাই ছোটবেলা থেকেই শিশুদের অ্যাবাকাস শিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
অ্যাবাকাস (Abacus Education for Child Development) সচেতনতা কর্মসূচির পাশাপাশি খুদেদের সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে প্রতিযোগী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অংশ নেওয়া শিশুরা রং-তুলি আর ক্যানভাসে ফুটিয়ে তোলে নিজেদের কল্পনার জগৎ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানায়, আগামী দিনেও শিশুদের সামগ্রিক বিকাশ এবং দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে অ্যাবাকাসের মতো কার্যকর শিক্ষাপদ্ধতিকে আরও বেশি করে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অভিভাবকদের মতে, ডিজিটাল যুগে শিশুদের মানসিক দক্ষতা, স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধিতে অ্যাবাকাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই অ্যাবাকাস শিক্ষার প্রচারে রাজারহাট মডার্ন শিক্ষা নিকেতন অ্যাকাডেমিক স্কুলের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সকল মহলে।
