নিউজ পোল ব্যুরো: পাবলিক রিলেশন অফিসার বা জনসংযোগ আধিকারিক (Career in Public Relations) এখন কেবল বিনোদন দুনিয়ায় তারকাদের ইমেজ গড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সরকারি-বেসরকারি সংস্থা, কর্পোরেট হাউস থেকে শুরু করে স্টার্টআপ (Startup) সব জায়গাতেই এই পেশার চাহিদা হু-হু করে বাড়ছে। উন্নত তথ্যপ্রযুক্তির যুগে প্রতিটি প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের প্রয়োজন পড়ছে এমন একজন দক্ষ মুখপাত্রের, যিনি মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সঠিক বার্তা (message) পৌঁছে দিতে পারেন সাধারণ মানুষের কাছে।
দ্বাদশ শ্রেণি পাস করার পর সাংবাদিকতা (Journalism) ও গণজ্ঞাপন (Mass Communication) নিয়ে পড়াশোনা করলে এই পেশায় প্রবেশের দরজা খুলে যায়। তবে কেবল স্নাতক হলেই হবে না (Career in Public Relations) চাই বিশেষ দক্ষতা যেমন অসাধারণ যোগাযোগ ক্ষমতা (Communication Skills), উপস্থাপনার দক্ষতা (Presentation Skills), মিডিয়া ম্যানেজমেন্টের জ্ঞান এবং ক্রাইসিস হ্যান্ডলিং (Crisis Handling) ক্ষমতা। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে (Social Media Management) সাবলীল হতে হয়, কারণ এখন প্রতিষ্ঠান বা তারকার ইমেজ গড়ার বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম। পাশাপাশি কম্পিউটার দক্ষতা, বিশেষ করে এমএস অফিসে (MS Office) দক্ষতা থাকা জরুরি। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স কলেজ, জামিয়া মিলিয়া ইসলামিয়া বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের মতো প্রতিষ্ঠানে এই বিষয়ে পড়ানো হয়। স্নাতকোত্তরের পর ডিপ্লোমা বা পিএইচডি করেও এগিয়ে যাওয়া যায় একাডেমিক ও গবেষণার পথে।
চাকরির সুযোগও বিস্তৃত পাবলিক রিলেশন ম্যানেজার (PR Manager), সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মিডিয়া রিলেশন অফিসার বা পাবলিক রিলেশন এক্সিকিউটিভ হিসাবে কাজের সুযোগ রয়েছে। কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে মার্কেটিং ক্যাম্পেইনিং (Marketing Campaigning) পর্যন্ত সবক্ষেত্রেই PRO-দের (Career in Public Relations) প্রয়োজন অপরিহার্য হয়ে উঠছে। ফলে তরুণ প্রজন্মের কাছে এই পেশা হয়ে উঠছে লাভজনক ও সম্মানজনক এক কর্মজীবনের পথ।
