Recipe: বর্ষার সন্ধ্যায় ওল দিয়ে স্বাস্থ্যকর মুচমুচে ফ্রাই বানিয়ে ফেলুন বাড়িতেই

Life style

নিউজ পোল ব্যুরো: বর্ষার সময়ে গরম গরম মুচমুচে জলখাবারের লোভ কে না সামলাতে পারে? কিন্তু বারবার তেলেভাজা, পকোড়া বা চপ খেতে গিয়ে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়ে ওঠে না অনেকেরই। এই সময়ে ওল দিয়ে তৈরি এক অভিনব ও স্বাস্থ্যকর রেসিপি (Recipe) শিখিয়ে দিলেন আলিয়া ভট্টের পুষ্টিবিদ রুজুতা দিবেকর। শুনতে অবাক লাগলেও, এই পদটি মহারাষ্ট্র ও কোঙ্কন উপকূলে খুবই জনপ্রিয়। রুজুতার মতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে।
আরও পড়ুন: Cooking oil : রান্নার পর অবশিষ্ট তেল ব্যবহারের ৭টি টিপস
উপকরণ
ওল – ৪০০ গ্রাম
লেবুর রস – ২ টেবিল চামচ
হলুদগুঁড়ো – ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো – ২ চা চামচ
ধনেগুঁড়ো – ১ চা চামচ
জিরেগুঁড়ো – ১ চা চামচ
কোরানো পেঁয়াজ – ১ চা চামচ (ঐচ্ছিক)
আদা-রসুন বাটা – ১ চা চামচ
পাকা তেঁতুল – ২-৩টি
সুজি – আধ কাপ
চালের গুঁড়ো – ৪ টেবিল চামচ
নুন – স্বাদমতো
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালী:
প্রথমে ওলের খোসা ছাড়িয়ে বড় বড় ২-৩ টুকরো করুন। একটি গভীর ও কানি উঁচু প্যানে অর্ধেক জল ভরে আঁচে বসান। তাতে দিন ওলের টুকরো ও পাকা তেঁতুল। ফুটে উঠলে ৩-৪ মিনিট রান্না করুন। প্রেসার কুকারে নয়, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে টুকরোগুলো ভাজার সময় ভেঙে যাবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করুন ও পাতলা স্লাইসে কেটে নিন—খুব বেশি পাতলা নয়, আবার খুব মোটা নয়।

একটি থালায় হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, আদা-রসুন বাটা, কোরানো পেঁয়াজ ও লেবুর রস মিশিয়ে নিন। এই মশলায় ওলের স্লাইস আলতোভাবে মাখিয়ে নিন, যাতে টুকরো ভেঙে না যায়।

অন্য একটি থালায় সুজি, চালের গুঁড়ো ও সামান্য লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। এবার মশলা মাখানো ওলের টুকরো এই শুকনো মিশ্রণে ভালো করে মাখিয়ে নিন। গরম তেলে ভাজুন অথবা অল্প তেলে সাঁতলান—ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই।

গরম গরম এই মুচমুচে রেসিপি (Recipe) বিকেলের চায়ের সঙ্গে, আড্ডায় কিংবা সন্ধ্যার জলখাবার হিসেবে দারুণ লাগে। শুধু তাই নয়, ডাল-ভাতের সঙ্গেও এটি পরিবেশন করা যায়। হালকা টক, ঝাল আর কুরকুরে টেক্সচার মিলিয়ে স্বাদ হয় অনন্য।

ওল এমনিতেই পেট ভরায় এবং হজমে সাহায্য করে, তাই যারা তেলে ভাজা এড়িয়ে চলতে চান তারা অল্প তেলে সাঁতলে নিতে পারেন। এই রেসিপি শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর—যারা বৃষ্টির দিনে হালকা কিন্তু তৃপ্তিদায়ক জলখাবার খুঁজছেন, তাদের জন্য একেবারে আদর্শ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole