নিউজপোল ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। মালদা, নৈহাটি ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পৃথক ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই নিয়ে তৃনমূলের পক্ষ থেকে কোন মন্তব্য জানায়নি।
মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিজেপি নেতা মিলন ঘোষ-সহ পাঁচ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিপন বর্মন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুরের অভিযোগও উঠেছে।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঢুরি এলাকায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন হামলার অভিযোগ ওঠে। বিজেপি কর্মী মাসুদ পিয়াদা-সহ দু’জন গুরুতর আহত হন বলে দাবি। স্থানীয় তৃণমূল নেতা রশিদ গায়েনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অন্যদিকে, নৈহাটিতে চলন্ত বাইকে বিজেপি বুথ সভাপতিকে অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
