নিউজ পোল ব্যুরো: অফিসের নিত্যদিনের চাপ, ঘর সামলানোর দায়িত্ব সব মিলিয়ে যেমন প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক চাপ (Mental Stress) তৈরি হয়, তেমনই এর প্রভাব পড়তে পারে ঘরের খুদে সদস্যদের উপরেও। অনেক সময় বাবা-মায়েরা বুঝতেই পারেন না, শিশুদের মনের ভেতরেও তৈরি হচ্ছে অস্থিরতা (Anxiety), অবসাদ (Depression) ও চাপ (Pressure)। এই অদৃশ্য বোঝা ধীরে ধীরে তাদের আচরণ, মানসিক গঠন ও শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে। তাই শিশুদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য (Child Depression) রক্ষাও অভিভাবকদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
আধুনিক যুগে স্মার্টফোন (Smartphone) ও সোশ্যাল মিডিয়া (Social Media) শিশুদের জীবনের বড় অংশ হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা ফোনের পর্দায় চোখ রেখে থাকা, ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়া—সব মিলিয়ে তারা ক্রমশ নিজেদের মধ্যে গুটিয়ে ফেলে। বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ কমে আসে, ফলে তৈরি হয় গভীর মানসিক অবসাদ। একই সঙ্গে পরিবারের মধ্যে অতিরিক্ত পড়াশোনার চাপ বা সব কিছুর মধ্যে সেরা হওয়ার জোরাজুরি শিশুদের মনের ভার আরও বাড়িয়ে দেয়। বাবা-মা বা পরিবারের সদস্যদের উচ্চ প্রত্যাশা অনেক সময় খুদেদের মধ্যে অস্থিরতা ও হতাশা (Frustration) তৈরি করে।

বাড়ির পরিবেশও শিশুর মনের উপর গভীর প্রভাব ফেলে। বাবা-মায়ের মধ্যে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন বা ঝগড়া শিশুদের অজান্তেই মানসিক চাপে ফেলে দেয়। বয়ঃসন্ধির সময় প্রেমে প্রত্যাখ্যান (Rejection) বা বন্ধুত্বে ভাঙনও তাদের মনে একাকীত্ব (Loneliness) তৈরি করে। এই সব কিছুর ফলেই তারা ধীরে ধীরে নিজেদের আবেগ গোপন করতে শেখে, যা পরবর্তীতে মানসিক সমস্যার আকার নিতে পারে।
এই অবস্থায় কিছু স্পষ্ট সংকেত চোখে পড়লে অবহেলা না করে সতর্ক হওয়া জরুরি। শিশু যদি হঠাৎ খিটখিটে মেজাজে পরিণত হয়, বারবার কান্না করে, খাওয়াদাওয়ার আগ্রহ হারায়, বা একা থাকতে চায়—তাহলে সেটা মানসিক চাপে ভোগার ইঙ্গিত হতে পারে। এছাড়া বন্ধুদের সঙ্গে মেলামেশা না করা, খেলাধুলা থেকে দূরে থাকা, বা কথাবার্তা এড়িয়ে চলা—এসব আচরণও সতর্ক হওয়ার সঙ্কেত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অভিভাবক হিসেবে সন্তানের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। শুধু ভালো স্কুলে ভর্তি করানো বা ভালো খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয় না। সময় দিন, কথা বলুন, তার অনুভূতিগুলিকে গুরুত্ব দিন। একটি সুস্থ মনের ভিত গড়ে উঠলে ভবিষ্যতের পথে আপনার সন্তান অনেক বেশি দৃঢ় ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা মানে একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা।
