Abhishek Banerjee Letter to Speaker:’তৃণমূল এক ও অখণ্ড’ বিদ্রোহীদের পৃথক ব্লকের বিরোধিতায় স্পিকারকে চিঠি অভিষেকের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন যখন ক্রমশ প্রকাশ্য রূপ নিচ্ছে, ঠিক সেই আবহেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তিন পাতার একটি বিশদ চিঠি পাঠালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Letter to Speaker)। চিঠিতে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস একটি অবিভাজ্য ও আইনত স্বীকৃত একক রাজনৈতিক সত্তা; ফলে দলের সংসদীয় কাঠামোর মধ্যে কোনও সমান্তরাল গোষ্ঠী বা পৃথক ব্লককে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন:LipCare: লিপস্টিক নয়, স্বাভাবিক আভারই জয়! কী এই ‘জিম লিপস’ সাজ?

সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পৃথক সংসদীয় ব্লকের স্বীকৃতি চাওয়ার পরিকল্পনা করেছেন তৃণমূলের একাংশের বিদ্রোহী সাংসদরা। তার আগেই কৌশলগত পদক্ষেপ হিসেবে স্পিকারের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক। রবিবার বিকেলে তাঁর পাঠানো চিঠি স্পিকারের বাসভবনে পৌঁছে দেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ কীর্তি আজাদ।

চিঠিতে অভিষেক (Abhishek Banerjee Letter to Speaker) যুক্তি তুলে ধরেছেন যে, লোকসভায় তৃণমূলের সংসদীয় দল মূল রাজনৈতিক দলেরই সাংবিধানিক ও সাংগঠনিক সম্প্রসারণ। সেই কারণে সংসদীয় দলের অস্তিত্ব, নেতৃত্ব ও কার্যপ্রণালী সম্পূর্ণভাবে দলের কেন্দ্রীয় সাংগঠনিক কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়ন্ত্রণের অধীন। তাঁর বক্তব্য, আইনত তৃণমূল কংগ্রেস একটিমাত্র রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত এবং সেই দলেই একজন বৈধ দলনেতা ও একজন অনুমোদিত হুইপ রয়েছেন। অতএব, একই রাজনৈতিক দলের অন্তর্গত কোনও সাংসদগোষ্ঠী নিজেদের উদ্যোগে সমান্তরাল কাঠামো গঠন করে পৃথক সংসদীয় পরিচয় বা স্বীকৃতির দাবি জানাতে পারে না।

রাজনৈতিক মহলের মতে, বিদ্রোহী শিবিরের সম্ভাব্য পদক্ষেপকে আগেভাগেই রুখে দিতে এবং সংসদীয় অঙ্কে দলের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতেই স্পিকারের কাছে এই চিঠি পাঠিয়েছেন অভিষেক। ঘটনাচক্রে, যখন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ স্পিকারের সরকারি বাসভবনে চিঠি জমা দিচ্ছিলেন, তখন দিল্লির মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকে ব্যস্ত ছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ফলে একই দিনে রাজধানী দিল্লিতে তৃণমূলের দুই শিবিরের সমান্তরাল রাজনৈতিক তৎপরতা দলীয় সংকটকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

এখন নজর সোমবারের বৈঠকের দিকে। বিদ্রোহী সাংসদদের দাবি এবং অভিষেকের আপত্তির প্রেক্ষিতে লোকসভার স্পিকার ওম বিড়লা কী অবস্থান নেন, তার উপরই অনেকাংশে নির্ভর করবে তৃণমূলের চলমান ভাঙন-রাজনীতির পরবর্তী অধ্যায়।