Durgapur:ডিম ছোড়া নয়, অমলেট খাইয়ে জেরা! পাট্টা বিতর্কে উত্তপ্ত দুর্গাপুর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। তারই মাঝে দুর্গাপুরে (Durgapur) দেখা গেল এক অভিনব প্রতিবাদের ছবি। ডিম ছোড়া বা বিক্ষোভের বদলে অভিযুক্ত শিবিরের ঘনিষ্ঠ এক নেতাকে চেয়ারে বসিয়ে অমলেট খাইয়ে জবাবদিহি দাবি করলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা। ইতিমধ্যেই ঘটনাটি এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:Govinda-Sunita Ahuja: প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী কে? চমকে দেওয়া সিদ্ধান্ত জানালেন গোবিন্দ-পত্নী সুনীতা

অভিযোগের কেন্দ্রে রয়েছেন দুর্গাপুরের (Durgapur) ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা এবং তাঁর ঘনিষ্ঠ মহল। স্থানীয়দের দাবি, মহানন্দ কলোনি, বীরভানপুর-সহ একাধিক এলাকায় জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকেই পাট্টা পাননি বলে অভিযোগ।

শনিবার রাতে মহানন্দ কলোনির একটি বাড়ি থেকে ব্যাগভর্তি পাট্টার ফর্ম উদ্ধারের অভিযোগ সামনে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রবিবার সকালে পাট্টার ফর্ম ও ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে যোগ দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিক্ষোভকারীদের প্রশ্ন ছিল, পাট্টার নামে মানুষের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকার হিসাব কোথায়? কেন এখনও বহু মানুষ পাট্টা পাননি?

এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তী। অভিযোগকারীদের দাবি, তিনি অভিযুক্তদের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর কাছেই জবাব চাওয়া হয়। তবে বিক্ষোভের ধরন ছিল ব্যতিক্রমী। তাঁকে চেয়ারে বসিয়ে ডিমের অমলেট পরিবেশন করা হয় এবং সেই সঙ্গে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। স্থানীয়দের একাংশ এই প্রতিবাদকে ‘অমলেট কূটনীতি’ বলেও কটাক্ষ করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

স্থানীয় বিজেপি নেতা দীপক দাসের দাবি, “মানুষের কাছ থেকে নেওয়া টাকার পূর্ণ হিসাব দিতে হবে। কেন প্রতিশ্রুতি পূরণ হল না, তারও জবাব চাই।” অন্যদিকে সুকুমার চক্রবর্তীর বক্তব্য, “এই বিষয়ে প্রকৃত তথ্য এবং জবাব একমাত্র বিদায়ী কাউন্সিলর শিপুল সাহাই দিতে পারবেন।”

ঘটনার পর থেকেই দুর্গাপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীদের অভিযোগ, পাট্টার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ নতুন নয়। তবে এবার সেই ক্ষোভ প্রকাশ পেল এক অভিনব প্রতিবাদের মাধ্যমে। ডিম ছোড়ার পরিবর্তে ‘অমলেট খাইয়ে জেরা’— দুর্গাপুরের এই ঘটনাই এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয়।