নিউজ পোল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) গঢ়চিরৌলিতে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য মিললেও, এক বীর জওয়ানকে হারাল নিরাপত্তা বাহিনী (Security Force)। মহারাষ্ট্র-ছত্তিশগড় (Maharashtra) সীমান্তে আবুঝামাদের গভীর জঙ্গলে গত দু’দিন ধরে চলা রুদ্ধশ্বাস এনকাউন্টারে এখনও পর্যন্ত তিন মাওবাদী নিহত হয়েছে। তবে এই তীব্র লড়াইয়ের মাঝে প্রাণ হারিয়েছেন সি-৬০ (C-60) বাহিনীর এক দুঁদে কমান্ডো।
আরও পড়ুন: Abhishek Banerjee: পিপল-ফার্স্ট’ বাজেটে স্বনির্ভর বাংলার দিশা, রাজ্য সরকারকে অভিনন্দন অভিষেকের
গঢ়চিরৌলি (Maharashtra) পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে তল্লাশি চালানোর সময় ঘটনাস্থল থেকে আরও দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল এবং একটি এসএলআর-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। মৃত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
তবে এই সাফল্যের আনন্দ ম্লান করে দিয়েছে ৩৮ বছর বয়সী কমান্ডো দীপক চিন্না মাদাভির মৃত্যু। শুক্রবার ভোরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন তিনি গুরুতর জখম হন। জঙ্গল থেকে এয়ারলিফ্ট করে তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই সংঘর্ষে যোগা মাদাভি নামে আরও এক জওয়ান আহত হয়েছেন, তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপন্মুক্ত বলে জানানো হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলের সুযোগ নিয়ে মাওবাদীরা আত্মগোপন করে থাকলেও, সি-৬০ কমান্ডো বাহিনী নিরবচ্ছিন্নভাবে তল্লাশি জারি রেখেছে। সীমান্তের ওপারেও কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে দুষ্কৃতীরা পালিয়ে যেতে না পারে। শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে, এই লড়াই মাওবাদী নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
