নিউজপোল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় বর্ষা সবে পা রেখেছে, কিন্তু বাঙালির মনে ইতিমধ্যেই বেজে উঠেছে ঢাকের কাঠি! আমেজ এসে গেছে বছরের সেই শ্রেষ্ঠ চারটে দিনের। আর সেই উৎসবের ঢাক বাজিয়ে শারদীয় আবাহনের শুভ সূচনা হয়ে গেল নদিয়ার কল্যাণী সংলগ্ন গয়েশপুর পৌর এলাকার মানিকতলা অগ্রগামী ক্লাব প্রাঙ্গণে। ধুমধাম ও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই ঐতিহ্যবাহী ক্লাবের ৫৮ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো।
টি পুজোর দিন থেকেই ক্লাব প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ। সদস্যদের মুখেও ছিল উৎসাহের ছাপ। আয়োজকদের দাবি, এবারের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে প্রায় ৩২ ফুট উচ্চতার বিশাল মাটির দুর্গা প্রতিমা। এমন আকারের মাটির প্রতিমা গয়েশপুর বা কল্যাণী এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। পুজো কমিটির সম্পাদক তাপস বোস জানান, বহুদিন পর আবার বড় করে পুজো আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু প্রতিমাই নয়, মণ্ডপ ও আলোকসজ্জাতেও থাকবে বিশেষ চমক। ইতিমধ্যেই প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে।
প্রায় ৩২ ফুট উচ্চতার এই নজরকাড়া মাটির প্রতিমাটি এবার মণ্ডপে আগত দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেবে। একসময় গয়েশপুর মিউনিসিপালিটির মধ্যে প্রথম স্থান অধিকার করা এই পুজো এবার সম্পূর্ণ নতুন রূপ, নতুন থিম আর দ্বিগুণ আকর্ষণ নিয়ে ফিরছে। সব মিলিয়ে, আগামী পুজোয় কল্যাণীর পুজো পরিক্রমায় মানিকতলা অগ্রগামী যে একটা বড় ‘ধামাকা’ দিতে চলেছে, তা বলাই যায়।
