নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে তীব্র দাবদাহ কাটিয়ে আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে বর্ষা। বর্ষাকালে (Monsoon) প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ। তবে বর্ষা অনেকের প্রিয় হলেও এই সময় অনেকেরই পেটের নানারকম সমস্যা দেখা যায়। বর্ষার জলে থাকে নানা ব্যাকটেরিয়া। সেই থেকেই শুরু হয় পেটের গোলযোগ। তাই বর্ষাকালে আমাদের উচিৎ অত্যন্ত সাবধানে থাকা। কিন্তু এই সমস্যার শুরু কোথায় তা জানলে আমাদের সুস্থতার চাবিকাঠি থাকবে আমাদের হাতের মুঠোয়।
বর্ষাকালে (Monsoon) বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায় যা হজম শক্তির ওপর প্রভাব ফেলে। এতে পেট ভার, গ্যাস, অম্বল এসব সমস্যা দেখা যায়। এছাড়াও বর্ষাকাল মানেই আমাদের মন ছোটে রাস্তার ভাজাভুজি, চাট ও নানা মুখোরোচক খাবারের দিকে। এসব আমাদের পেটের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।
বর্ষাকালে তাপমাত্রার যখন তখন পরিবর্তনের সাথে আমাদের শরীর মানিয়ে নিতে পারে না। সেক্ষেত্রে আমাদের ভুগতে হয়। শুধু তাই নয়, এই সময় আবহাওয়া এবং আমাদের ব্যবহৃত জলে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। সেগুলি খাবার বা পানীয়ের মাধ্যমে পেটে গেলে আমাদের পেটের সমস্যা হবেই।
তবে বর্ষাকালে পেটের সমস্যা এড়াতে ওষুধের থেকেও আমাদের অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। এই সময় বাজার থেকে আনা ফল বা সবজি খাওয়ার আগে তা ভালভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। রাস্তার খাবারের প্রতি লোভ সম্বরণ করে ঘরের তৈরি গরম এবং টাটকা খাবার আপন করে নিতে হবে। বর্ষার দূষিত জলকে আপনার পেটের সমস্যার কারণ হতে দেবেন না। তার জন্য ভাল করে জল ফুটিয়ে অথবা ফিল্টারের জল পান করতে হবে। এইগুলি মেনে চললেই দেখবেন আপনার পেটের অর্ধেক সমস্যা কেটে গেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
