পাড়ায় পাড়ায় খুলছে বিজেপি বিধায়কদের ‘সেবা কেন্দ্র, সকাল ৯টা থেকে রাত ১২টা— শুভেন্দু অধিকারীর নির্দেশে আমজনতার জন্য মেগা পরিষেবা

breakingnews প্রযুক্তি রাজ্য স্বাস্থ্য

নিউজপোল ব্যুরো: বাংলার সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং দ্রুত আইনি বা সামাজিক পরিষেবা দিতে এক অভিনব উদ্যোগ নিল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশ মেনে এবার রাজ্যের প্রতিটি বিজেপি বিধায়কের নির্বাচনী কেন্দ্রে তৈরি হতে চলেছে বিশেষ ‘সেবা কেন্দ্র’। আর আজ, মঙ্গলবার বিধাননগরে এই প্রকল্পের রাজকীয় সূচনা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের এলাকায় প্রথম এই সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতা কাটার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, নাগরিক পরিষেবাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে তাঁর সরকার এবং দলের নির্দেশ মেনে খুব শীঘ্রই রাজ্যের সব বিধানসভাতেই এই ধরনের জনমুখী কেন্দ্র গড়ে তোলা হবে।

বিধাননগরের এই নতুন সেবা কেন্দ্রটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। জানা গেছে, নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু করে মাঝরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে এই অফিস। এলাকার বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় জানান, প্রতিদিন তাঁর কাছে জমি বা ফ্ল্যাট দখল, প্রোমোটারদের জুলুমবাজি-সহ প্রায় ৭০ থেকে ৮০টি বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ আসছে। এবার থেকে এই সেবা কেন্দ্রের মাধ্যমে সমস্ত অভাব-অভিযোগ এক ছাদের তলায় নথিভুক্ত করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শুধু সল্টলেক নয়, আগামী দিনে লেক টাউন-সহ বিধাননগরের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের ডিজিটাল সেবা কেন্দ্র খোলার জন্য দ্রুত জায়গা খোঁজার কাজ চলছে।