নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গের স্কুলপড়ুয়া এবং সরকারি হাসপাতালের রোগীদের জন্য এক দারুণ খুশির খবর! এবার থেকে স্কুলের মিড-ডে মিল এবং হাসপাতালের রোগীদের খাবারের মান আরও উন্নত হতে চলেছে। ১ অগাস্ট, ২০২৬ থেকে রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর শেয়ার করে জানিয়েছেন, শিশুদের আরও পুষ্টিকর আহার নিশ্চিত করতে এবং রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই বরাদ্দের কথা আগেই ঘোষণা করা হয়েছিল, এবার তাতে মিলল চূড়ান্ত অনুমোদন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের প্রায় ৫১.৬১ লক্ষ প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পড়ুয়াদের জন্য দৈনিক রান্নার মাথা পিছু খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ১০ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, মিড-ডে মিলের রান্নাঘরগুলিকে ধোঁয়ামুক্ত ও নিরাপদ রাখতে প্রতিটি স্কুলে ১০০% এলপিজি (LPG) গ্যাস সংযোগ দেওয়া হবে। এর জন্য প্রতি ইউনিটে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। এই পুরো রান্নার গ্যাস প্রকল্পের জন্য মোট ৪১৪.৬৩ কোটি টাকা খরচ ধরা হয়েছে।
পাশাপাশি, রাজ্যের প্রায় ২.২৪ লক্ষ মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মুখেও চওড়া হাসি ফুটতে চলেছে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের কথা মাথায় রেখে মাসিক সম্মানিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। এর জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬৩৯ কোটি টাকার এই ঐতিহাসিক প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত আশাবাদী। তাঁর স্পষ্ট বক্তব্য, আজকের শিশুদের পুষ্টির পেছনে বিনিয়োগ করার অর্থ হলো বাংলার সোনালী ভবিষ্যতের ভিত আরও মজবুত করা।
